২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ার চলচ্চিত্র উৎসবে সুনীলের উপন্যাস অবলম্বনে দুটি ছবি

ভারতের গোয়ার ৩৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (আইএফএফআই) এ কবি ও উপন্যাসিক সুনীল গাঙ্গুলির দুটি উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি প্রদর্শিত হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ডিসেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের গোয়ার ৩৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (আইএফএফআই) এ কবি ও উপন্যাসিক সুনীল গাঙ্গুলির দুটি উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি প্রদর্শিত হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। সুনীলের এই উপন্যাস দুটির নাম 'হীরক দীপ্তি' ও 'এক নদীর গল্প'। প্রথম উপন্যাস অবলম্বনে প্রখ্যাত পরিচালক শ্যামপ্রসাদ মালায়ালাম ভাষায় তৈরি করেছেন 'ওরে কেদাল' (দ্য সী উইদিন) ছবিটি। ছবিতে এক প্রকৌশলীর ভূমিকায় মামুত্তি ও গৃহিনীর ভূমিকায় মীরা জেসমিন অভিনয় করেন। অন্যদিকে বলিউডের প্রথম সারির প্রডাকশন ডিজাইনার সামির চন্দ্রের প্রথম পরিচালনায় নির্মিত হয়েছে 'এক নদীর গল্প' (টেল অব এ রিভার)। মাতৃহারা কন্যা ও তার পোস্টমাস্টার বাবাকে নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। মেয়ের চরিত্রে শ্বেতাপ্রসাদ ও বাবার চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা ছবিগুলোর সঙ্গে ছবি দুটি প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। ৪৬ বছর বয়স্ক পরিচালক শ্যামাপ্রসাদ বলেন, "বাংলা গল্প মালায়ালাম ভাষার চলচ্চিত্রে রূপান্তরিত হওয়ায় এটাই প্রমানিত হয়, মহৎ সাহিত্য ভাষার কোন সীমা মানে না।" শ্যামাপ্রসাদ জানান, "হীরক দীপ্তি মূলত একটি প্রেমের কাহিনী। মানব হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালবাসার আবিষ্কারই এর উপজীব্য। এ কাহিনী নিয়ে সত্যজিৎ রায়ও চলচ্চিত্র তৈরি করতে চেয়েছিলেন। পরে তিনি একই লেখকের 'অরণ্যের দিনরাত্রি' উপন্যাস নিয়ে ছবি নির্মাণ করেন।" সমীর চন্দ্রের 'এক নদীর গল্প' গ্রাম্য জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে এক বৃদ্ধের ভুমিকায় দেখা যাবে। সমীর জানান, "কলেজে থাকা অবস্থায় আমি এই গল্পটি প্রথম পড়েছিলাম। সামাজিক, ধর্মীয় ও বাংলার সামাজিক স্তর বিন্যাসের উপর ভিত্তি করে এই গল্পে এক বৃদ্ধের জীবনের গল্পকে তুলে ধরেছেন লেখক।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬০৬ ঘ