নভেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাধুরীর 'আজা নাচলে' ছবির জন্য দুবাইয়ের এক থিয়েটারের সব আসনের টিকেট কেটে নিলেন ভারতের বিশিষ্ট শিল্পী মকবুল ফিদা হুসেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দুবাইয়ের ল্যামসি সিনেমা হলে বৃহস্পতিবার মাধুরীর নতুন ছবি 'আজা নাচলে' মুক্তি পাচ্ছে। এই থিয়েটারে ছবিটি দেখতে আসছেন বলিউড তারকা মাধুরীর অন্ধ ভক্ত ফিদা হুসেন।
ভারতের এই চিত্রশিল্পী তিনি বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। ১৯৪ সিটের দুপুর দুটার প্রদর্শনীর সবগুলো আসন তার মনোনীত অতিথিদের জন্য সংরক্ষন করেছেন হুসেন।
মাধুরী দীক্ষিত আমেরিকার সার্জন ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন কোন ছবি করেননি। তাই ফিদা হুসেন অনেকদিন মাধুরীকে মিস করেছেন।
হুসেন জানান, এই ছবির টিকিট একটি আমন্ত্রনপত্রের মত কাজ করবে। সিনেমার হলের টিকেটে নিজের অটোগ্রাফ ও মাধুরীর স্কেচ এঁকে দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, "আমি থিয়েটারে মাধুরীকে নিয়ে আঁকা কিছু ছবির প্রদর্শনীরও ব্যবস্থা করেছি। এই ছবিগুলো মাধুরীর সেরা কাজগুলোর উপর ভিত্তি করে আঁকা হয়েছে।"
এদিকে এই সংবাদ পেয়ে মাধুরী জানান, "আমার মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে তিনি থিয়েটারে আসন সংরক্ষন করেছেন এ খবর শুনে আমি অভিভুত। সত্যিই আমি খুবই আনন্দবোধ করছি।"
ফিদা হুসেন একটি প্রদর্শনীর জন্য বর্তমানে ভারতের চলচ্চিত্রের ১০০ বছরের ঐতিহ্য নিয়ে একগুচ্ছ সিরিজ ছবি আঁকছেন। এই প্রদর্শনীর শিরোনাম হবে 'ফ্রম দ্য সাইলেন্স অব দাদাসাহেব ফালকে টু গোল্ডেন ড্যাজল অব মাধুরী দীক্ষিত'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮৪১ ঘ
bdnews24