২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা ও তারিন

দীর্ঘ ২০ বছর পরে এক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় তিন অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, সুবর্ণা মুস্তাফা ও তারিন। নাটকের নাম 'গোল্লাছুট'। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নভেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ২০ বছর পরে এক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় তিন অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, সুবর্ণা মুস্তাফা ও তারিন। নাটকের নাম 'গোল্লাছুট'। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। আশির দশকের মাঝামাঝি বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক 'সংশপ্তক' এ একসঙ্গে অভিনয় করেছিলেন ফেরদৌসি মজুমদার, সুবর্ণা মুস্তাফা ও তারিন। তারপর তারা আর একত্রে কোন নাটকে অভিনয় করেননি। গোল্লাছুট নাটকটির কাহিনী গড়ে উঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে। পরিবারের শাশুড়ী চরিত্রে ফেরদৌসি মজুমদার এবং দুই ছেলের বৌ চরিত্রে সুবর্ণা মুস্তাফা ও তারিন অভিনয় করেছেন। তিন প্রজন্মের তিন জনপ্রিয় অভিনেত্রীর একসঙ্গে অভিনয় করা প্রসঙ্গে ফেরদৌসি মজুমদার বলেন, "আমি যখন অভিনয় করি তখন এতকিছু তো ভাবি না। কিন্তু পরে যখন বিষয়টি জানলাম তখন বেশ কৌতুক বোধ হয়েছিল। সেই ৮৭ সাল, আজ থেকে প্রায় বিশ বছর আগে সুবর্ণা ও তারিন, আমরা একসাথে অভিনয় করেছি। তখন তারিন অনেক ছোট। আজকে তারিনের একটা শক্ত অবস্থান হয়েছে। আর সুবর্ণাতো তার সময়ের একজন উজ্জল নক্ষত্র। সবমিলিয়ে আবার একসঙ্গে অভিনয় করে বেশ মজাই পেয়েছি।" এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, "হ্যাঁ, আমি সংশপ্তক নাটকে ফেরদৌসি আপার সঙ্গে অভিনয় করেছিলাম। তারিনও কিশোরী একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিল। কিন্তু তারপর এই তিনজন একসঙ্গে আর কোনো নাটকে অভিনয় করা হয় নি। ফেরদৌসি আপাতো অনেক বড়মাপের একজন অভিনেত্রী আর এই প্রজন্মের মধ্যে তারিনও অনেক ভালো অভিনয় করে। প্রায় বিশ বছর পর আমরা আবার একসঙ্গে একটি নাটকে অভিনয় করলাম। সবমিলিয়ে বেশ ভালো লাগছে।" তারিনও স্মৃতিচারণ করলেন সংশপ্তকের। বললেন, "দীর্ঘ দিন পরে এই নাটকটিতে তাদের দুজনকে একসঙ্গে পেয়ে আমি খুবই আনন্দিত। আশা করছি নাটকটিও দর্শকনন্দিত হবে।" প্রযোজক সুত্রে জানা গেছে, আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে নাটকটি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৮১৬ ঘ