নভেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে সর্বহারা হয়েছে দেশের দক্ষিনাঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন, শিল্পী ও টিভির কলাকুশলীরা।
ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কয়েকটি ডেইলি সোপ এর শিল্পীরা তাদের একদিনের পারিশ্রমিক দান করেছেন ইতিমধ্যে। এর মধ্যে আছেন 'দহন', 'মহানগর', ধারাবাহিক 'ঘরকুটুম', 'হিটলু', 'আমাদের নুরুলহুদা', 'অদ্ভুতুড়ে' ধারাবাহিক নাটকের শিল্পীরা।
অন্য ধারাবাহিকগুলোর শিল্পীরাও এগিয়ে আসছেন এ মহতী উদ্যোগে। টিভি প্রডিউসার অ্যাসোসিয়েশন এর শিল্পী ও কলাকুশলীদের উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন চ্যানেল আই, সানোয়ারা গ্রুপ, আরসিকোলা, ভরসা গ্রুুপ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, হুন্দাই ইলেক্ট্রনিক্স, পূবালী সল্ট।
ইতিমধ্যে ২১ নভেম্বর বুধবার রাতে টিভি প্রডিউসার অ্যাসোসিয়েশনের একটি বিশেষ দল খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাত্রা করেছে পিরোজপুর ও বাগেরহাটের উদ্দেশ্য। সেখানকার অসহায় মানুষদের মাঝে সরাসরি এসব ত্রাণ বিতরণ করবেন তারা। টিভি প্রডিউসার অ্যাসোসিয়েশন সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য।
যারা টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুর্গতদের সাহায্য দিতে আগ্রহী তারা তেজগাঁয়ের পেপসি ভবনে এসে সাহায্য দিয়ে আসতে পারবেন।
এ প্রসঙ্গে প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সমাজকল্যাণ সম্পাদক জিনাত হাকিম জানান, "মানবিক দিক বিবেচনা করেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। কেবল নাট্য প্রযোজক, পরিচালক ও শিল্পীরাই অর্থ দিচ্ছে না, অন্যরাও দিচ্ছে। ইচ্ছা করলে যে কেউ অর্থ দিয়ে আমাদের সঙ্গে এই উদ্যোগে শামিল হতে পারেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৪৭ ঘ
bdnews24