২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সঞ্জীব চৌধুরী

তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১৯ নভেম্বর সোমবার মারা গেছেন গায়ক-সাংবাদিক সঞ্জীব চৌধুরী। রাত ১২টা ১০ মিনিটে তার নাক মুখ থেকে লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। তার বয়স হয়েছিলেন ৪৩ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 07:59 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১৯ নভেম্বর সোমবার মারা গেছেন গায়ক-সাংবাদিক সঞ্জীব চৌধুরী। রাত ১২টা ১০ মিনিটে তার নাক মুখ থেকে লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। তার বয়স হয়েছিলেন ৪৩ বছর। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার দুপুরে প্রথমে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। রোববার রাতে অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার বিপাশ চন্দ্র রায় জানান, রাত ঠিক ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। খুলে নেওয়া হয় জীবন রক্ষাকারী যন্ত্রের নল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অ্যাপোলো হাসপাতালে ছুটে যান শিল্পী, সাংবাদিকসহ তার অনুরক্তরা। কাঁদতে থাকেন অনেকে। বাউলিআনার ভেলায় চেপে বেহিসাবী জীবন নিয়ে অন্যলোকে চলে গেলেন সঞ্জীব চৌধুরী। সাংবাদিকতা আর গানের জগতের লোক ছাড়াও অনেকের কাছেই যিনি শুধু 'সঞ্জীবদা' নামেই পরিচিত। তিনি স্ত্রী প্রজ্ঞা নাসরিন শিল্পী, মেয়ে কিংবদন্তী (৪) ছাড়াও আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সিলেটের হবিগঞ্জের বানিয়াচঙ এ জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। সঙ্গীত ও সাংবাদিকতায় তাঁর প্রতিভা আর বেহিসাবী জীবন নিয়ে প্রায় কিংবদন্তী হয়ে ওঠেন তিনি অল্প দিনের মধ্যেই। একসময় ভোরের কাগজের ফিচার বিভাগে ইতস্তত ছুটে বেড়ানো মানুষটিকে দেখলে আনন্দবাজার অফিস দাপিয়ে বেড়ানো শক্তি চট্টোপাধ্যায় এর কথা মনে পড়ত অনেকেরই। অসম্ভব প্রাণচঞ্চল ছিলেন তিনি। একইসঙ্গে কিছুটা মুখচোরাও। দীর্ঘদিন সাংবাদিকতা করলেও গানের জগতে আত্মপ্রকাশের আগ পর্যন্ত তার নাম তেমনটা প্রচার পায়নি। আত্মপরিচয়বিমুখ মানুষটি চিরকাল সভা-সমাবেশ এড়িয়েই চলেছেন। অথচ আড্ডায় তিনিই ছিলেন মধ্যমণি। আর সে আড্ডায় অপরিহার্য ছিল তার গান। অফিসকক্ষেই টেবিলে তবলার বোল ফুটিয়ে একের পর এক গান গেয়ে যেতেন তিনি। গানই ছিল তাঁর প্রাণ। চাইলে আশির দশকেই অডিওবাজারে আসন গেড়ে বসতে পারতেন সঞ্জীব। চাননি। সংশয়, নির্লিপ্ততা আর অলসতা হয়তো ছিল মূল কারণ। আশেপাশের অনেকের 'ঠেলাধাক্কার' পর '৯০ এর দশকের মাঝামাঝি বাপ্পা মজুমদারের সঙ্গে মিলে বের করলেন তার প্রথম অ্যালবাম 'আহ্'। দুজনে মিলে তারা গঠন করলেন 'দলছুট'। সঙ্গে ছিলেন চারুকলার আরো এক শিল্পী। 'দলছুট' গানের দল গড়ে সঙ্গীতে শব্দ আর সুরের এক নতুন রুচির খোঁজ করছিলেন এই জাতশিল্পী। প্রকাশমাত্র 'আহ্!' সাড়া তুলেছিল এদেশের শ্রোতাদের মাঝে। এরপর দলছুট থেকে বের হয়েছে একে একে 'হৃদয়পুর', 'স্বপ্নবাজী', 'আকাশচুড়ি', 'জোছনাবিহার'। এর মধ্যে 'স্বপ্নবাজী তার একক অ্যালবাম। সুরের ওপর সঞ্জীব চৌধুরীর দখল ছিল অসাধারণ। তার গান তরুণ-তরুণীদের মুখে মুখে ফিরছে। গানের মধ্যে কবিতাকে জারিত করে অন্য এক মাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি। পরে তার এই ধারার অনুসারী হয়েছেন অনেকেই। কবি হিসেবেও একসময় পরিচিত ছিলেন সঞ্জীব চৌধুরী। পরে গানের জগতে ঢুকে এর চর্চা কমে গিয়েছিল। সম্ভবত তার কাব্যধর্মী গানগুলোই এই অভাব অনেকখানি পূরণ করেছিল। একসময় বেশ কিছু ছোট গল্প লিখেছিলেন তিনি। বিভিন্ন ছোট কাগজে ছাপা হয়েছে সেসব নিরীক্ষাধর্মী গল্প। মাঝে কৌতুহলবশে বেশ কিছু টেলিভিশন নাটকেও অংশ নিয়েছেন সঞ্জীবদা। আর লিখেছেন ফিচার। অজস্র। শুধু লেখেননি, লিখিয়েছেন, শিখিয়েছেন। এদেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে আছেন অনেক গুণী সাংবাদিক যাদের হাতেখড়ি হয়েছে সঞ্জীবদার কাছে। রীতিমতো হাতে ধরে শিখিয়েছেন তিনি কীভাবে ছোট বাক্যে ফিচার লিখতে হবে, কীভাবে শব্দগঠন করতে হবে, কীভাবে সাক্ষাৎকার নিতে হবে ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই ছাত্রটি এদেশের পত্রিকার ফিচার পাতায় নতুন ঢং আর স্বাদেরও সংযোজন করেছিলেন। তাঁর সম্পাদনায় একসময় ভোরের কাগজের 'ইস্টিকুটুম', 'পাঠক ফোরাম' এর মতো বিভাগগুলি পাঠককে পত্রিকার সঙ্গে আরও একাত্ম করে তোলে। আজকের কাগজ, ভোরের কাগজ আবার আজকের কাগজ, তার পর যায় যায় দিন- সাংবাদিকতায় এই ছিল তার বিচরণক্ষেত্র। স্বভাবে দারুন রোমান্টিক ছিলেন সঞ্জীবদা। তাঁর রোমান্টিকতার জগতটা সাংবাদিকতা কিংবা 'শো বিজের' ক্লিশে জগতটার চেয়ে অনেক বড় ছিল। চারপাশের হিসেবী মানুষের ভীড়ে তিনি ছিলেন বেহিসেবী। হিসেব কষে বেঁচে থাকার জন্য প্রস্তুত ছিলেন না তিনি কখনোই। জীবনকে তিনি পান করেছেন আকণ্ঠ। কামরুজ্জামান কামুর লেখা একটি গান অসাধারণ সুরে পরিবেশন করেছিলেন সঞ্জীব চৌধুরী তার দ্বিতীয় অ্যালবামে - 'তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ/ বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না'। কিন্তু শেষাবধি সব নেশা ছেড়ে চলেই গেলেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএ/এমআইআর/এসইউএম/জিএমএ/এমএইচবি/০১৫২ ঘ.