নভেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিপক্ষে ক্রিকেট খেলার জন্য পাকিস্তান ক্রিকেট টিম এখন ভারতের গোয়ালিয়রে অবস্থান করছে। ক্রিকেট খেলার পাশাপাশি খেলোয়াররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, এই যেমন বিভিন্ন দাওয়াতে যাওয়া, এতিমখানা কিংবা স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ অথবা শাহরুখের নতুন ছবি 'ওম শান্তি ওম' দেখা ইত্যাদি। মোটকথা খেলোয়ারদের দম ফেলার সময়টুকু নেই। কিন্তু এরই মাঝে ফাস্ট বোলার শোয়েব আক্তার চাইছেন মুন্নাভাইখ্যাত সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয় দত্ত এখন পুনের ইয়ারওয়াড়া জেলে। শোয়েব চাইছেন সেখানে গিয়েই তার সঙ্গে মুখোমুখি দেখা করতে। তারা পরস্পর পূর্বপরিচিত, এর আগে বেশ কয়েকটি পার্টিতে তারা একাধিকবার আড্ডা মেরেছেন।
শোয়েব আক্তারের জনসংযোগ প্রতিষ্ঠান (পিআর কোম্পানি) এ বিষয়ে জানান, সঞ্জয়ের সঙ্গে শোয়েবের দেখা করানোর জন্য তারা চেষ্টার কোনও ত্র"টি করবেন না। প্রথমে তারা সঞ্জয়ের বোন প্রিয়ার কাছে এ ব্যাপারে সাহায্য চাইবেন। তাতে কাজ না হলে তারা সরাসরি মুম্বাই পুলিশের অনুমতি চাইবেন।
শোয়েব আক্তারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, " সাঞ্জুর মতো মানুষ হয় না। ব্যক্তিগতভাবে আমি তার ভক্ত। আমি তাকে আরও জানাতে চাই যে পাকিস্তানের বহু মানুষ তার ভক্ত এবং অনেকেই তার মুক্তির জন্য প্রতিদিন মোনাজাত করেন। তার উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি অচিরেই তা কেটে যাবে। তার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। তবে কী উপহার তা এখনই বলছি না।"
এদিকে আরেকটি সুত্র থেকে জানা যায় যে, মহেশ ভাটের হিট ছবি 'গ্যাংস্টার' এর কেন্দ্রীয় চরিত্রে সঞ্জয়কে প্রস্তাব দেওয়া হলে তিনি তা ফিরিয়ে দেন। তারপর একই প্রস্তাব দেওয়া হয় শোয়েবকে। তিনিও সেটা ফিরিয়ে দিলে শাইনি আহুজা এই চরিত্রের জন্য মনোনীত হন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/এমআইআর/২০২০ ঘ
bdnews24