২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের কথা ও সুরে ফাহমিদা নবী

নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন এবার পুরো একটি অ্যালবামের জন্য গান লিখবেন এবং সবক'টি গানের সুরও করবেন তিনি নিজেই। তার লেখা ও সুরারোপিত গানগুলো গাইবেন ফাহমিদা নবী। গানগুলোর রেকর্ডিং হবে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মাঝখানের সময়টা গানের কথা এবং সুর করার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন ডক্টর দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নভেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীন এবার পুরো একটি অ্যালবামের জন্য গান লিখবেন এবং সবক'টি গানের সুরও করবেন তিনি নিজেই। তার লেখা ও সুরারোপিত গানগুলো গাইবেন ফাহমিদা নবী। গানগুলোর রেকর্ডিং হবে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মাঝখানের সময়টা গানের কথা এবং সুর করার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন ডক্টর দীন। সেলিম আল দীনের কথা ও সুরে গান গাওয়ার প্রস্তাব পেয়ে যারপরনাই খুশি শিল্পী ফাহমিদা নবী। তিনি বলেন, "একটি ঘরোয়া আয়োজনে আমি গাইছিলাম। গান শেষে সেলিম আল দীন স্যারের সে কী প্রশংসা! তিনি বললেন, আমি তোমার জন্য কিছু গান রচনা করতে চাই, সেই সঙ্গে সুরটাও। ভাল লাগলে গাইবে, নইলে না। এমন কথা শুনে আমি কী বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না। শুধু বললাম, আমি আছি।" নতুন এ কাজ সম্পর্কে সেলিম আলদীন জানান, "আমার এ কাজে অবাক হওয়ার কিছু নেই। আমি শুরু থেকেই আদ্যোপান্ত গানের মানুষ। যেটা বেশির ভাগ লোকই জানে না। আমিও জানাবার আগ্রহ বোধ করিনি। অথচ ৩০ বছর আগে এই আমিও গান লিখে এবং সুর করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেছিলাম। এক অনুষ্ঠানে ফাহমিদার গান শুনে আমার ইচ্ছে হলো নতুন কিছু লেখার এবং তাতে সুর বসানোর। ওর সঙ্গে কথা হলো, সেও আগ্রহী। ব্যস, এ কাজের শুরুটা এভাবেই।" সেলিম আল দীনের কথা ও সুরে এর আগে গান করেছেন রথীন্দ্রনাথ রায়, হুমায়ুন ফরিদী এবং পীযূষ বন্দ্যোপাধ্যায় । ১৯৭৮ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে এ গানগুলো প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন অভিনেতা আবুল হায়াত। ঐ অনুষ্ঠানে হুমায়ুন ফরিদীর গাওয়া গানটা সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৫৫১ ঘ