অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাহফুজ আহমেদের নাটক 'আমাদের নুরুলহুদা'য় চমক জাগিয়ে একের পর এক নতুন তারকার সমাবেশ ঘটছে। এরই ধারাবাহিকতায় এবার জুটি হয়ে আসছেন চলচ্চিত্রের দুই তারকা মৌসুমী ও এ টি এম শামসুজ্জামান। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতন তারা জুটি হিসেবে একসঙ্গে অভিনয় করছেন।
ধারাবাহিক নাটকের আগামী পর্বে এ টি এম শামসুজ্জামানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী।
এ পর্বগুলোর গল্পে দেখা যাবে সুফিয়ার ভালবাসার মানুষ আবুল কালাম হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। অগত্যা ধনী বৃদ্ধ আজাদ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুফিয়ার। ফিরে এসে কালাম দেখে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। সে ভাবে সেও ধনসম্পদের মালিক হতে পারলে সুফিয়া আবার তার কাছে ফিরে আসবে। আর তাই আজাদ মিয়ার নাম ভাঙ্গিয়ে প্রতারণা শুরু করে মানুষের সঙ্গে। টাকা উপার্জন করে বানিয়ে ফেলে একটি বাড়ী। তার কাছে ফিরে আসতে বলে সুফিয়াকে। এরইমধ্যে মারা যায় সুফিয়ার বৃদ্ধ স্বামী। কিন্তু কালামের কাছে আর ফিরে আসে না সুফিয়া।
সুফিয়ার ভুমিকায় নায়িকা মৌসুমী, আজাদ মিয়ার চরিত্রে এ টি এম শামসুজ্জামান আর কালামের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।
নাটকটি রচিয়তা অরণ্য আনোয়ার আর পরিচালনা করেছে যৌথভাবে অরণ্য আনোয়ার ও মাহফুজ আহমেদ। নির্মিত হচ্ছে মাহফুজের নিজস্ব প্রযোজনা সংস্থা বানীচিত্রের ব্যানারে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে নাটকটি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, " নাটকটিতে এটি এম শামসুজ্জামানের বিপরীতে অভিনয় করতে বেশ ভাল লেগেছে আমার। উনি খুব শক্তিমান অভিনেতা। আসলে মাহফুজের অনুরোধে নাটকটিতে আমার অভিনয় করা। আশা করি আমাদের অভিনীত পর্বগুলো দর্শকরা উপভোগ করবেন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৩১৩ ঘ
bdnews24