অক্টোবর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদ তো সবার জন্যই একইরকম আনন্দের বিষয়। সাধারন মানুষ যেমন এই দিনটি উদযাপন করবে, তেমনি তারকারাও। তবে তারকাদের ঈদটাও একটু স্পেশাল। কারণ, আমার আপনার ঈদ কেমন কাটছে সে ব্যাপারে কারো কৌতুহল নেই। কিন্তু তারকাদের ঈদটা কোথায় কেমন কাটছে সেটা জানার জন্য ভক্তদের বিশেষ আগ্রহ রয়েছে। সে কথা ভেবেই এখানে কয়েকজন তারকার ঈদের খবর জানানো হলো তাদের জবানীতে।
আবুল হায়াত অভিনেতা ও নির্মাতা
এবার ঈদে নাটক নির্মান নিয়ে বেশ ব্যস্ত ছিলাম । আর কেনাকাটা সব আমার স্ত্রী করেছেন । মেয়েরা ছোট থাকতে সেলামি নিতে আসতো । বড় হয়ে ওভাবে আর আসেনা । তবে ঈদের দিনটি আমরা সবাাই একসঙ্গে কাটাই। ঈদে আমার নির্মিত নাটক দেখতে বাসায় থাকবো। মাঝে সময় করে বন্ধু আত্ম ীয়ের বাসায় বেড়াতে যাবো ।
আফজাল হোসেন অভিনেতা নাটক ও বিজ্ঞাপন নির্মাতা )
সারাবছর ব্যস্ত থাকলেও ঈদের দিনটা অবসর থাকবো কাজ থেকে। মা, স্ত্রী আর সন্তানদের সঙ্গে কাটাবো পুরো দিনটি । আর বন্ধু- বান্ধব,্ আত্মীয়দের জন্যও সময় রেখেছি ঈদের দিনে। ঈদেও কেনাকাটার সময় হয়ে ওঠেনা। সে দায়িত্বটা আমার স্ত্রী তাজিনই ঠিকমতো করেন ।
এস আই টুটুল সংগীত শিল্পী
ঈদে আমার অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কেনাকাটার সুযোগ পাইনি। তাছাড়া ঈদের কেনাকাটার কাজটা তানিয়াই করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘুম আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আয়েশ করে কাটাবো ঈদের দিনটি।
সাকিব খান চিত্র নায়ক
সিনেমার শুটিং নিয়ে এতো ব্যস্ত ছিলাম, কেনাকাটার একদম সময় পাইনি । যা কেনাকাটা আমার মা-ই করেছেন । এবার ঈদের আগের দিন পর্যন্ত আমার শুটিং আছে । তাই ঈদের দিনে সম্ভব হলে পুরো দিনটাই বিশ্রাম নেব। এবার ঈদে আমার রেকর্ড সংখ্যক ৫টি ছবি মুক্তি পাচ্ছে । ছবিগুলোর সাড়া কেমন পাবো সেটা নিয়ে একটা টেনশন থাকবে ঈদের দিনগুলোতে।
পূর্ণিমা চিত্র নায়িকা
বাবা মারা যাবার পর আমার কাছে প্রতিটা ঈদ আসে একটা বিষন্নতা নিয়ে। ঈদে বাবাকে খুব মিস করি। এবার ঈদের কেনাকাটা আমি ও আমার মা একসঙ্গে করেছি । ঈদের দিনে সকালে ওঠা, গোসল,সালাম সবই করবো । পছন্দসই শাড়ি পরে বন্ধু ও আত্মীয়দের বাসায় বেড়াতে যাবো । আর টিভিতে ঈদের অনুষ্ঠান দেখবো। আর টেনশন থাকবে ঈদে আমার মুক্তিপ্রাপ্ত ছবির ভাগ্য নিয়ে ।
মেহরীন, কণ্ঠ শিল্পী
ঈদের সারাদিন অনেক ব্যস্ত থাকবো । ঈদের কেনাকাটাও আমি নিজেই করেছি। তাছাড়া এবার আমার ছেলেটা ছোট । ওকে সামলে বাকি কাজ করতে হবে। ব্যস্ততা আর ভালোলাগায় স্বজনদের সঙ্গে কাটাবো ঈদের দিনটি ।
অপি করিম, অভিনেত্রী
ঈদের দিন সকালে আমার বোনসহ কাছের বন্ধুদের ফোন করে শুভেচ্চা জানাই। কিছু অতিথি আপ্যায়নও করতে হয়। অনেক দিন অসুস্থ ছিলাম। বাইরে বের হতে পারিনি । এবার ঈদে মন ভরে ঘুরে বেড়াবো । ঈদের কেনাকাটা আমার তেমন একটা করতে হয়না । সবার কাছ থেকে প্রচুর উপহার পাই আমি । ঈদেও সময় আমার অভিনীত নাটক ও টেলিফিল্মগুলো দেখবো টিভিতে।
অমিতাভ রেজা বিজ্ঞাপন নির্মাতা
আমার আটপৌরে জীবনে এবার ঈদটা অন্যরকম। কেননা এই ঈদে আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আমার জীবনসঙ্গিনী জেনী। ওর সাথে কাটবে আমার ঈদের দিনগুলো। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলাম, তখন কেনাকাটা করে এনেছি । দীর্ঘ ব্যস্ততার ক্লান্তিতে ঈদে বাসায়ই থাকব। ইচ্ছে আছে, ঈদে সারাটাদিন ঘুমিয়ে কাটাবো।
রিচি অভিনেত্রী
ঈদের জন্য প্রতিবারের মতো এবারও অনেক কেনাকাটা করেছি। তাছাড়া শুটিং নিয়েও ব্যস্ত ছিলাম। অতিথি আপ্যায়ন আর সুযোগমতো ঘুমিয়ে ঈদের দিন কাটাবো। সন্ধ্যার দিকে আত্মীয় স্বজনদের বাসায় যাবার পরিকল্পনাও আছে ।
প্রভা, মডেল ও অভিনেত্রী
ঢাকাতে নয়, আমার ঈদ কাটবে শরীয়তপুরে, দাদা ও নানা বাড়িতে। ঈদের কেনাকাটা ঢাকাতে সেরে নিয়েছি। অনেকদিন পর গ্রামে যাচ্ছি। ঈদে গ্রামে মজা করে কাটাবো দিনগুলো । বড়দের সালাম করে সালামি নেব আর সময় করে দেখে নেব আমার অভিনীত নাটকগুলো ।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২৩০০ ঘ.
bdnews24