২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়নগরে টাস্কফোর্সের অভিযান, আতঙ্কিত অশ্লীল ছবির নির্মাতারা

অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং অবৈধ ভিডিও জালিয়াতি বন্ধে গঠিত টাস্কফোর্স ৮ অক্টোবর সন্ধ্যায় কাকরাইলের বিজয়নগর এলাকার চলচ্চিত্র অফিস পাড়ায় অভিযান চালিয়ে সেন্সরবিহীন পোস্টার ফটোসেট সহ ১২ জনকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং অবৈধ ভিডিও জালিয়াতি বন্ধে গঠিত টাস্কফোর্স ৮ অক্টোবর সন্ধ্যায় কাকরাইলের বিজয়নগর এলাকার চলচ্চিত্র অফিস পাড়ায় অভিযান চালিয়ে সেন্সরবিহীন পোস্টার ফটোসেট সহ ১২ জনকে আটক করে। ইফতারের পরপরই টাস্কফোর্সের আহ্বায়ক র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের উপ-পরিচালক মেজর হামিদ আবদুল ওয়াদুদের নেতৃত্বে র‌্যাব-৩ এর বিশাল একটি ফোর্স কাকরাইলের ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ভূঁইয়া ম্যানশন, আমিন ম্যানশন এবং পল্টনের রোজী ফিল্ম সেন্টারে অভিযান চালায়। প্রতিটি ভবনের প্রধান ফটক বন্ধ করে কাউকে ঢুকতে কিংবা বের হতে না দিয়ে অফিসে অভিযান চালিয়ে সেন্সরবিহীন পোস্টার ফটোসেটসহ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন 'কৃষ্ণচূড়া' চলচ্চিত্রের মনসুর আলী, দেওয়ান নজরুল প্রোডাকশনের শের আলী, হাশেম এন্টারপ্রাইজের লতিফ আলমগীর এবং তুষার কথাচিত্রের লতিফ। আটককৃত চারজনকে আদালতে সোপর্দ করা হবে এবং অফিসের কর্ণধারদের ও জব্দকৃত পোস্টার ফটোসেটের প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে জানান টাস্কফোর্সের এক সদস্য। একই দিন এফডিসিতে টাস্কফোর্স ঈদে মুক্তি প্রতীক্ষিত প্রযোজক ও ঢাকার সিনেমা হল মালিকদের সঙ্গে সভা করে অশ্লীল ছবির নির্মাণ ও প্রদর্শন বন্ধের আহ্বান জানায়। বিশেষ করে চলচ্চিত্র প্রদর্শকদের সতর্কতা জানিয়ে বলা হয়, অশ্লীল ছবি প্রদর্শন করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় টাস্কফোর্সের আহ্বায়ক মেজর হামিদ আবদুল ওয়াদুদ, ক্যাপ্টেন আনোয়ার ইবনে আজিজ, কাজী হায়াৎ, টাইগার জামিল, রেজাউল হক এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আনম বদরুল আমিন উপস্থিত ছিলেন। ঈদের ছবির প্রযোজকদের মধ্যে শফিকুল ইসলাম, প্রিন্স তালুকদার পান্না, হাবিবুর রহমান হাবিব, ফেরদৌস ছিদ্দিক রাজু, অরুণ সাহা, জাহাঙ্গীর, আবুল কালাম এবং সিনেমা হল মালিকদের মধ্যে কাজী ফিরোজ রশীদ, সফর আলী ভূঁইয়া, মিয়া আলাউদ্দিন উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের আহ্বায়ক মেজর হামিদ আবদুল ওয়াদুদ জানান, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং ভিডিও পাইরেসি বন্ধে সরকার বদ্ধপরিকর। চলচ্চিত্রের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য টাস্কফোর্স তাদের অভিযান অব্যাহত রাখবে। টাস্কফোর্সের অভিযানে চলচ্চিত্রের অফিস পাড়ায় অশ্লীল ছবির চিহ্নিত প্রযোজক, পরিবেশকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক চিহ্নিত প্রযোজক ভয়ে নিজের অফিস ছেড়ে সুস্থধারার ছবির অফিসে আশ্রয় নেন। অনেক প্রযোজক ভয় পেয়ে আগে ভাগেই সরে পড়েন। টাস্কফোর্সের এই অভিযানে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। অশ্লীলতা ও ভিডিও জালিয়াতি বন্ধ হলে চলচ্চিত্র শিল্প তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আশাবাদ সুস্থ ধারার প্রযোজকদের। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০০৩ ঘ