অক্টোম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এতদিন পর্যন্ত রনধীর কাপুরই ছিলেন সেই ভাগ্যবান যিনি তার ছবিতে কিংবদন্তিতুল্য পিতা রাজ কাপুরকে দিয়ে অভিনয় করিয়েছিলেন। এবার এরকম আরেক ভাগ্যবান পরিচালককে পেতে যাচ্ছে বলিউড। তিনি হচ্ছেন বিখ্যাত অভিনেতা বলিউডের চিরসবুজ নায়ক দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ। সুনীল আনন্দ পরিকল্পনা করেছেন তিনি তার বাবাকে নিয়ে একটি ছবি বানাবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ সম্পর্কে সুনীল আনন্দ জানান, "সব পরিকল্পনা মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছি। আমার ছবিতে বাবাই হবেন কেন্দ্রীয় চরিত্র। এটা একটা মিউজিক্যাল থ্রিলার। এখানে আমি নিজেও অভিনয় করব। আশা করছি আগামী বছর ছবির শুটিং শুরু করতে পারব।"
সুনীল আনন্দ ইতিমধ্যে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন বলে জানান। তার মধ্যে ২০০১ সালে 'মাস্টার' ছবিটির মাধ্যমে তার পরিচালক জীবন শুরু হয়। কাকতালীয় ঘটনা হচ্ছে, সুনীল তার বাবার সঙ্গে প্রথম যে ছবিতে অভিনয় করেছিলেন তার নাম ছিলো 'আনন্দ আউর আনন্দ'(১৯৮৪)।
কিছুদিন আগে প্রকাশিত দেব আনন্দের আত্মজীবনী 'রোমান্সিং উইথ লাইফ' সম্পর্কে সুনীল কোন মন্তব্য করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বাস করুন, আমি এখন পযর্ন্ত এটি চোখেও দেখিনি বা পড়ে দেখিনি। এই বইয়ের সব বিষয় প্রকাশকালের আগের দিন পযর্ন্ত গোপন রাখা হয়েছিল। কিন্তু এটা ভেবে আমি খুব খুশি যে এই ৮৪ বছর বয়সেও বাবা চলচ্চিত্র জগতে জনপ্রিয়।"
এদিকে দেব আনন্দ নিজেও ছেলের ছবিতে অভিনয়ের ব্যাপারে আগ্রহী। তিনি বলেন, "আমার মনে হয় ভালো কিছু তৈরি করার ক্ষমতা সুনীলের আছে।" ছেলের পরিচালনা কাজ করার জন্য তিনি যে মুখিয়ে আছেন সেটা বোঝা যায় তার এ কথাতেই, " ও যখন বলবে 'অ্যাকশন' আর আমাকে ক্যামেরার দিকে তাকাতে হবে - সেটা যে দারুন একটা আনন্দঘন মুহুর্ত হবে, তাতে কোন সন্দেহ নেই।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৪০২ ঘ
bdnews24