অক্টোবর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চীনের শেনঝেন প্রদেশে তরুনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। খবর ভারতীয় ওয়েবসাইটের।
শেনঝেনের হুয়াকিয়াং রাস্তার পাশের হোটেল ম্যাজেস্টিক এর প্যাভিলিয়নের উল্টোদিকে ল'রিয়েলের এক বিজ্ঞাপনে শোভা পাচ্ছে ঐশ্বরিয়ার বিশাল এক ছবি।
এক বিজ্ঞাপনী সংস্থার বিপণন নির্বাহী জু শান সেই ছবির দিকে তাকিয়ে বললেন, " খুব সুন্দর উনি। এই রাস্তা দিয়ে আমি যাতায়ত করি রোজ। প্রতিদিনই এদিকে একবার তাকাতে ভুলি না।"
লরিয়েল এর প্রসাধনী পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া।
জু শান বলেন, " ঐশ্বরিয়া খুব ভালো অভিনেত্রী। তার অধিকাংশ ছবিই আমি দেখেছি।"
জু'র প্রিয় পুরুষ তারকা অভিষেক বচ্চন। "এই দু'জনে বেশ ভালো একটা জুটি হয়েছে।"
জু'র মতো জেং ফ্যাংজুনও ঐশ্বরিয়ার অভিনয় আর সৌন্দর্যের ভক্ত। এক আইটি ফার্মের এই যোগাযোগ ব্যবস্থাপক বলেন, " উনি তো প্রতিভাবান অভিনেত্রী বটেই। স্থানীয় কেবল নেটওয়ার্কে ওর বেশ কিছু ছবি আমি দেখেছি।"
সিসিটিভি'র মতো স্থানীয় চ্যানেলগুলো চীনা সাবটাইটেল সহ ভারতীয় ছবিগুলো নিয়মিত দেখিয়ে থাকে।
জেং জানালেন, তিনি এর মধ্যে 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস' ও 'আউর পেয়ার হো গ্যায়া' ছবিগুলো টেলিভিশনে দেখেছেন। জেং এর ভারতীয় বন্ধুরাও তাকে ঐশ্বরিয়ার বিভিন্ন ছবি সরবরাহ করে।
জেং বলেন, " নতুন ছবির জন্য আমি ভারতীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি, ওরা দেয়। সর্বশেষ আমি দেখলাম 'গুরু' ছবিটি। সত্যিই ছবিটা আমার দারুণ লেগেছে।"
কলেজ ছাত্রী কারেন জিয়াংও ঐশ্বরিয়ার ভক্ত। কারেনের দাবি, " উনিই ভারতের সেরা অভিনেত্রী।"
কারেন বলেন, "আমি ওর অনেক ছবি দেখেছি।" কারেন জানান, তার বাবা অমিতাভ বচ্চনের খুব ভক্ত।
অ্যাশ ও অভিষেকের বিয়ে চীনারা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে।
গ্যাব্রিয়েল চ্যান জানান, 'ওই সময় ওদের বিয়ের সর্বশেষ খবর জানার জন্য আমরা নেটের সঙ্গে লেগেছিলাম।" ঐশ্বরিয়ার সঙ্গে একবার সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করলেন তিনি। বললেন, "ওনার একটা অটোগ্রাফ নিতে চাই আমি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৮ ঘ
bdnews24