অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এক সময়ের জনপ্রিয় টিভি সিরিজ 'নাইট রাইডার' তৈরি হচ্ছে আবার। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে। নতুন রাইট রাইডারে থাকবে স্পেশাল ইফেক্টের ছড়াছড়ি। আর নাইট রাইডারের গাড়িটিকেও হবে অত্যাধুনিক। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
সিরিজে মাইকেল নাইট চরিত্রে রূপদানকারী ডেভিড হ্যাসেলহফ সম্ভবত আর নতুন সিরিজে থাকছেন না। কারণ ৫৫ বছর বয়স এ ধরণের চরিত্রের জন্য ঠিক মানানসই নয়। হ্যাসেলহফ মাইকেল চরিত্রটি করে আশির দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। সিরিজটি ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত প্রচারিত হয়। বাংলাদেশ টেলিভিশনও সিরিজটি প্রচার করে। সে সেময় নাইট রাইডার দেখার জন্য প্রতি সপ্তাহে টিভি পর্দায় সেটে থাকত অসংখ্য দর্শকের চোখ। অদ্ভুত গাড়িটি ছিল এ সিরিজের অন্যতম মূল আকর্ষণ।
মার্কিন টিভি চ্যানেল এনবিসি বর্তমানে নাইট রাইডার নিয়ে দ'ুঘন্টার ছবি তৈরির পরিকল্পনা করছে। আর নির্মানাধীন নতুন টিভি সিরিজ প্রচারিত হবে আগামী বছর।
প্রযোজকরা এখন একেকটি যুৎসই গাড়ির ব্যাপারে খোঁজ করছেন।
ইউনিটের একজন জানায়, নিশ্চিতভাবে নতুন সিরিজে প্রচুর স্টান্ট দৃশ্য সংয়োজন করা হয়েছে। কিন্তু নতুন সিরিজে পুরান আমেজটি ধরে রাখা হবে।
বিডিনিউজটুয়েন্টিফোডেটকম/এমডিএস/ এমআইআর/১৯২১ ঘ
bdnews24