কিংবদন্তীর ব্লুজ গায়ক বিবি কিং হাসপাতালে
শুধু আমজনতাই নয়, ফ্লুর ঘায়ে বড় বড় তারকারাও কাহিল হয়ে পরছেন একে একে। কদিন আগে কাইলি মিনোগ এই কারণে তার ‘শোগার্ল হোমকামিং ট্যুর’ বাতিল করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার একই কারণে শো বাতিল করে টেক্সাসের গ্লাভস্টোনের এক হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তীতুল্য ব্লুজ গায়ক বিবি কিং। হাসপাতাল সুত্রে জানা গেছে এ খবর।
কয়েক দিন আগে কাইলি মিনোগও ফ্লুর কারণে শো বাতিল করে দিতে বাধ্য হন। এ কারণে এখন কিংভক্তরা কিছুটা চিন্তিত।
স্তনের ক্যানসারে দীর্ঘদিন ভুগে শল্য চিকিৎসার পর সম্প্রতি আবার মঞ্চে ফিরে এসেছিলেন অস্ট্রেলিয় সঙ্গীততারকা কাইলি মিনোগি। কিন্তু এ মাসের মাঝামাঝি লন্ডনে এক লাইভ শো সংক্ষিপ্ত করে তিনি ডেরায় ফিরে যান ফ্লু’র কথা বলে। এই ফ্লু স্তন ক্যানসার চিকিৎসারই পার্শ্ব প্রতিক্রিয়া কিনা তা নিয়ে ভক্তমনে প্রশ্ন দেখা দেয়। তবে তার মুখপাত্র চিকিৎসার সাথে এই ফ্লুর সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। কাইলির চিকিৎসক অবশ্য জানিয়েছেন, খুব শিগগরিই কাইলির পক্ষে মঞ্চে শো করা সম্ভব হবে না।
তবে কিংকে নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছে একাধিক সুত্র। ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ এর একিউট কেয়ার ফর এলডার্স ইউনিট- এ ভর্তি করা হয়েছে তাকে। কিং এর বয়স ৮১ বছর এবং ডায়াবেটিস থাকা সত্বেও স্বাস্থ্যগত অন্য কোন সমস্যা তার ছিল না। হাসপাতালের মুখপাত্র জন কোলোয়েন বলেছেন, “ লক্ষন দেখে মনে হচ্ছে তার স্রেফ ফ্লু হয়েছে। বিষয়টা পর্যবেক্ষন এবং তার বিশ্রামের জন্যও আমরা তাকে হাসপাতালে রেখেছি। এমনিতে তার শারিরীক অবস্থা বেশ ভাল। সামান্য জ্বর আছে। তিনি বিশ্রাম নিচ্ছেন। আশা করছি আগামীকালের মধ্যেই তাকে আমরা ছেড়ে দিতে পারবো।”
গ্লাভস্টোনে বৃহষ্পতিবার ও শুক্রবার গ্লাভস্টোনের ১৮৯৪ সালের অপেরা হাউজে শো দুটি হওয়ার কথা ছিল। দুটো শো বাতিল হয়েছে বলে জানিয়েছেন ওখানের এক প্রাচীন অপেরা হাউজের নির্বাহী পরিচালক মরিন প্যাটন।
“উনি খুবই উদ্বিগ্ন হয়ে আছেন শো আর দর্শকদের কথা ভেবে। আমি তাকে চিন্তা করতে নিষেধ করেছি। বলেছি যে আমরা শোর তারিখ পুননির্ধারণ করার চেষ্টা করছি।”
কিং গান করেন, গিটার বাজান এবং গানও লেখেন। গত ষাট বছর ধরে সঙ্গীতমোদীদের এভাবে বিনোদন দিয়ে আসছেন তিনি। এ পর্যন্ত তার ৫০টিরও বেশি অ্যালবাম বেরিয়েছে।
মিসিসিপিতে জন্ম নেয়া এই তারকার বিখ্যাত গানগুলির মধ্যে আছে ‘দি থ্রিল ইজ গন’ এবং ‘এভরি ডে আই হ্যাভ দি ব্লুজ’। তার এ যাবৎকালের সঙ্গীতজীবনে ১৪ বার গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এর মধ্যে ন’টি ছিল সেরা ট্রাডিশনাল ব্লুজ অ্যালবামের জন্য।
