২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেরিস্টেরিয়াল সুবিধা পাচ্ছে না একুশে টেলিভিশন

স্যাটেলাইট সম্প্রচারের অনুমোদন মিললেও টেরিস্টেরিয়াল সুবিধা পাচ্ছে না বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

একই সঙ্গে দেশে সম্প্রচারে রয়েছে এমন বিদেশি চ্যানেলগুলোর সংবাদ ও অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কিছু আইনের খাঁড়া নেমে আসছে।

বৃহস্পতিবার ক্যাবল টিভি নেটওয়ার্ক নীতিমালা প্রণয়ন সম্পর্কিত তথ্য মন্ত্রণালয়ের আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য সচিব কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ইফতেখার হোসেন ও বিটিভি’র মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট শাখার একজন সিনিয়র সহকারী সচিব নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একুশে টেলিভিশনকে টেরিস্টেরিয়াল সম্প্রচারের অনুমতি দেওয়ার প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছে। কোনো অবস্থাতেই তাদের এ অনুমতি দেয়া হবে না।

টেরিস্টেরিয়াল সম্প্রচারের অনুমতির জন্য ১০ বছরের অগ্রিম ভাড়া দেয়া হয়েছে, ইটিভি কর্তৃপক্ষের এমন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, “এ ধরণের কোনো ভাড়া ইটিভি জমা দেয়নি। আর টেরিস্টেরিয়াল সম্প্রচারের অনুমতি পাওয়ার আগে তাদের কাছে থেকে ভাড়া গ্রহণেরও কোনো যুক্তি নেই।”

ওই কর্মকর্তা জানান, আইনে বাধ্যবাধকতা থাকলেও দেশে বেশ কয়েকটি বিদেশি চ্যানেল অবাধে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করছে। তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। ওইসব চ্যানেলের ওপর শিগগিরই নীতিমালা অনুসরণের বাধ্যবাধকতা চাপিয়ে দেয়া হবে। পরের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।