আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সুবর্ণচক্রম জিতল “নিরন্তর”
আবু সাঈদ পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘নিরন্তর’ ১১ তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তুরস্কের ‘এঞ্জেলস ফল’ এর সঙ্গে যৌথভাবে গোল্ডেন ক্রো ফিজেন্ট অ্যাওয়ার্ড (সুবর্ণচক্রম) জয় করেছে।
সপ্তাহব্যাপী কেরালা চলচ্চিত্র উৎসব শেষে শুক্রবার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ইরানী পরিচালক আসগর ফরহাদি তার ‘ফায়ারওয়ার্ক ওয়েডনেসডে’ ছবির জন্য।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জনপ্রিয় সহিত্যিক হূমায়ুন আহমেদের ‘জনম জনম’ উপন্যাস অবলম্বনে নির্মিত নিরন্তর এ যৌন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত শ্রেণীর এক নারীর জীবন সংগ্রামের কাহিনী বর্ণনা করা হয়েছে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর। অন্যান্য চরিত্রে আছেন ইলিয়াস কাঞ্চন, লিটু আনাম, ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, আমীরুল ইসলাম প্রমুখ।
মাত্র কয়েকদিন আগেই ‘নিরন্তর’ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।
কেরালায় পুরস্কার জেতার পর পরিচালক আবু সাঈদ সাংবাদিকদের বলেন, “ছবির বিষয়টি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। কাহিনী সরল বলে আমি এখানে সরাসরি ঘটনা বর্ণনার পথ বেছে নিয়েছি।”
