স্লিম হওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলছেন পশ্চিমের তারকারা
কথায় বলে ‘পুরাতন হয় নতুন আবার’। আগে মেয়ে একটু মোটাসোটা নাদুস নুদুস না হলে ‘স্বাস্থ্য ভালো না’ বলে মুখ ঘুরিয়ে নিতেন পাত্রপক্ষ-পরিচালক-প্রযোজক। পরে খোদাই মালুম কী কারণে যে হাওয়া গেল ঘুরে। সারা দুনিয়ার মডেল-অভিনেত্রী এবং তাদের দেখাদেখি পুরো নারীকুল ঝাঁপিয়ে পরল শুষ্কং কাষ্ঠং তথা স্লিম হওয়ার সাধনায়।
আর সে কী সাধনা। না খেয়ে মরে যাবো, তবু মোটা হবো না-এমনই তার পণ। সেই পণ রক্ষা করতে গিয়ে আত্মাহুতি না দিলেও নানারকম রোগশোক বাধিয়ে, ডাক্তার কোবরেজ করে একেবারে একাকার অবস্থা।
উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। গতকাল দুই বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী প্রকাশ্যে নায়ক-নায়িকা আর মডেলদের এই ‘বাড়াবাড়ি’র বিরুদ্ধে মুখ খুলেছেন। টাইটানিকের নায়িকা কেট উইন্সলেট পষ্ট বলেছেন, ‘মডেলদের এই লিনথিন থাকার প্রভাব গিয়ে পরে উঠতি বয়সের মেয়েদের উপর। ওরাও স্লিম হওয়ার জন্য শরীরের বারোটা বাজাতে শুরু করে।’
সমস্যাটা নিজের ঘরেই ঘটতে পারে বলে আশংকা করছেন উইন্সলেট। তার ৬ বছরের মেয়ে মিয়াও লাইফস্টাইল ম্যাগাজিনগুলো পরে যদি স্লিম হওয়ার সাধনায় নেমে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই শঙ্কাতেই তার ঘুম হারাম। বাসায় সব ধরনের লাইফস্টাইল ম্যাগাজিন রাখা বন্ধ করে দিয়েছেন তিনি। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কেট আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘ এটা সময়ের ব্যাপার মাত্র। আমি জানি আমার মেয়েও এই স্লিম হওয়া নিয়ে ভাবতে শুরু করবে। স্লিম হতে আমার আপত্তি নেই। কিন্তু নিখুঁত ফিগারের জন্য এই যে চিকন থেকে আরো চিকন হওয়ার মরণপণ চেষ্টা সেটাতেই আমার আপত্তি।’
কেট যে একাই চিন্তিত তা নয়। আরেক ব্রিটিশ অভিনেতা বিলি পাইপার জানিয়েছেন তার ১৩ বছরের মেয়েও এরই মধ্যে ফিগার সচেতন হয়ে উঠেছে। সম্প্রতি ব্রিটেনের ‘গ্ল্যামার’ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বিষয়টাকে ‘ডিসগাস্টিং’ বলে মন্তব্য করে বলেন, “ আমার মেয়ে পশের (ভিক্টোরিয়া বেকহাম) ভক্ত। ওকে বোঝাই, দ্যাখ পশ কথ ছোট, চিকনা। আর শাকিরাকে দ্যাখ। কী সুন্দর স্বাস্থ্য। শাকিরা কতো সেক্সি। ওর শরীরের বাঁকগুলো কী চমৎকার।’ ও আমার কথা পাত্তাই দেয় না।”
শুধু বিনোদন জগতেই নয়, ফ্যাশন ওয়ার্ল্ডেও আরেকটু স্বাস্থ্যের দাবি উঠেছে ইদানীং।
মাদ্রিদে গত সেপ্টেম্বর থেকে নিদ্দিষ্ট ওজনের নিচের কোন মডেলকে ফ্যাশন শো তে না নেওয়ার সিদ্ধান্ত জারি হয়েছে। ইটালিয়ান সরকারও তাদের ফ্যাশন কর্তাদের সাথে আলাপ করে এরকম একটা মেনিফেস্টো তৈরির চেষ্টা করছেন যেন শুকনো কোন কিশোর-কিশোরী ক্যাটওয়াকে না যেতে পারে।
ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী গত লন্ডন ফ্যাশনের সময়ই ক্যাটওয়াকে শুকনো মডেলদের বর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে সর্তক হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন।
তবে এসব সতর্কবাণী যে সবাই খুব আমলে আনছেন তা নয়। তবে বিষয়টা নিয়ে যে বিতর্ক জমে উঠছে সেটা শেষতক কতদুর গড়ায় সেটাই দেখার বিষয়।
