২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নদীগর্ভে বিলীন ২ হাজার ঘরবাড়ি

সিরাজগঞ্জ জেলা পয়েন্টে যমুনা নদীর অব্যাহত ভাঙনে গত সাতদিনে সদর উপজেলাসহ চৌহালী, কাজিপুর ও শাহজাদপুর উপজেলায় প্রায় ২ হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এর মধ্যে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দৌলতপুর, সিমলা, আফাইনা, ভাটপিয়ারী, বয়ড়া, বাক্ষণবয়ড়া, পাঁচিল, দ্বিয়ারপাঁচিল, ক্ষিদ্রানী,শৈলাবাড়ি, চরপাড়া, চিতুলীয়ার অবস্থা আরো ভয়াবহ।

পানি উন্নয়ন বোর্ড আশংকা করছে ব্রহ্মপুত্র রক্ষা নিয়ন্ত্রণ বাঁধের ৬০ মিটার ভেঙ্গে গেলে মূলবাঁধ ভেঙ্গে যাবে, সেই সাথে পানি শহর ও তার পাশ্ববর্তী অঞ্চল দিয়ে ইছামতি নদীতে গিয়ে পড়বে । পানি উন্নয়ন বোর্ড আরও আশংকা প্রকাশ করেছে যে বাঁধ ভাঙ্গার সাথে সাথে চলনবিলসহ সদর ও কাজীপুর উপজেলার বিস্তীর্ণ জমি মাত্র কয়েকঘণ্টার মধেই বালুচরে পরিণত হবে এবং সেইসাথে হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হবে।

গত এক সপ্তাহের অব্যাহত ভাঙনে সদর উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর আবাদী জমি নদীগর্ভে চলে গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বোরোচাষী তাদের ফসল ঘরে তুলতে পারেনি। কেউ কেউ কাঁচাধান কেটে নিয়ে যাচ্ছে গো-খাদ্যের জন্য। ভাঙনের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান কোনটিও বাদ যাচ্ছে না।

খোকশা বাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রতিনিধিরা ইউপি চেয়ারম্যান মঞ্জুর মাহমুদ বকুলের সাথে আলাপকালে তারা অভিযোগ করে বলেন, “ তারা পূর্ব পুরুষের বসতবাড়ি, ভিটেমাটি, ফসলিজমি হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তাঘাট বা বাঁধের ওপর খোলা আকাশের নিচে বসবাস করে মানবেতর জীবযাপন করছে। পানি উন্নয়ন বোর্ড তাদের কোন সাহায্য সহযোগিতা করছে না। ”

খোকশা বাড়ির মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, বাঁধ সংস্কার ও মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড ও তার ঠিকাদাররা শ’ শ’ কোটি টাকা প্রতিবছর লুটপাট করছে। শুষ্ক মৌসুমে কাজ করে না । কাজ শুরু করে বর্ষা মৌসুমে।”

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ইতোমধ্যে ২২ কোটি টাকার দরপত্র আহবান করা হলেও স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদ ও বন্যার পানি চলে আসায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারছে না। অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান,তহবিল সংকটের কারণেই তারা শুষ্ক মৌসুমে কাজ শুরু করতে পারেন নি।

তারা আরও বলেন, সরকারি বরাদ্দ না পেলে আমাদের কিছুই করার থাকে না। তারা আপদকালীন ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের জানান। তারা আরও বলেন, সিরাজগঞ্জে সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণ সম্ভব নয়। কেননা এটা সময় সাপেক্ষ ব্যাপার । তবে ভবিষ্যতে  স্থায়ী বাঁধ নির্মাণ কাজ সেনাবাহিনীর মাধ্যমে শুরু করা হবে বলে তারা আশ্বাস দেন।