মূল পদ্মা সেতুতে ব্যয় আরও হাজার কোটি টাকা বাড়ল
সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে, সার কেনা হচ্ছে মরক্কো থেকে।
মূল পদ্মা সেতু নির্মাণের ব্যয় ১ হাজার ১১৭ কোটি টাকা বেড়েছে।
ব্যয় ১ হাজার ১১৮ কোটি টাকা বাড়িয়ে এই প্রকল্পের একটি সংশোধিত ক্রয় প্রস্তার বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান।
তিনি বলেন, “পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্পের মূল সেতু নির্মাণ কাজের ভেরিয়েশন (অতিরিক্ত কার্যাদেশ) বাবদ অতিরিক্ত ১ হাজার ১১৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৮০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি জানান, পদ্মা সেতু নির্মাণ কাজের মূল সেতু অংশের সংশোধিত চুক্তি মূল্য ছিল ১৩ হাজার ৬৫৮ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা।
৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুতে গত বছরের জুন থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল এখনও শুরু হয়নি, তা সেপ্টেম্বর নাগাদ হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও বৈঠক হয়।
মাহমুদুল জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিনটি এবং সরকারি ক্রয় কমিটিতে ৩৪টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এসবের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ৯টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৯টি, কৃষি মন্ত্রণালয়ের ৪টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি।
দুই কার্গো এলএনজি
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান গানভর সিঙ্গাপুর থেকে ৫৫৭ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৭৬ টাকায় এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। সেখানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়ছে ১২ দশমিক ৯৮ ডলার।
একই প্রতিষ্ঠান থেকে আরেকটি দরপত্রের অনুকূলে প্রতি এমএমবিটিইউ ১৩ দশমিক ৮৫ ডলার হিসেবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হচ্ছে ৫৯৫ কোটি ১০ লাখ ৭০ হাজার ২১৬ টাকা।
টিসিবির রাইস ব্রান তেল
টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে যশোরের মজুমদার ব্রান অয়েলের কাছ থেকে ২৫ লাখ লিটার ও ঢাকার মজুমদার প্রোডাক্টস থেকে ২৫ লাখ লিটার রাইস ব্রান তেল ৮০ কোটি টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি লিটার তেলের দাম পড়ছে ১৬০ টাকা, যা সয়াবিন তেলের চেয়েও কম।
এদিকে টিসিবির প্রায় এক কোটি কার্ডধারীকে স্মার্ট সেবা দেওয়ার জন্য ১৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৩৩০ টাকায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনকে অনুমোদন দেওয়া হয়েছে।
৯৫ হাজার টন সার
বৈঠকে আন্তর্জাতিক বাজার থেকে বিএডিসির জন্য সার কেনার তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যেখানে মোট সারের পরিমাণ ৯৫ হাজার টন।
এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৯১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৩৭৫ টাকায় তিউনিশিয়া থেকে দ্বিতীয় লটে ২৫ হাজার টন টিএসপি সার ক্রয়, রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কো থেকে চতুর্থ লটে ১১০ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার ক্রয় এবং রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কো থেকে ২০৬ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকায় ৪০ হাজার টন ডিএপি সার ক্রয়।
এই কেনাকাটায় প্রতি কেজি টিএসপির আমদানি ব্যয় ৩৬ টাকা ৪৪ পয়সা থেকে ৩৬ টাকা ৯৮ পয়সা এবং প্রতিকেজি টিএসপির আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৮ পয়সা।
