২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার কী করছে তা দেখতে ‘অন্তর্দৃষ্টি’ লাগবে: অর্থনীতিবিদদের সালেহউদ্দিন

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার প্রক্রিয়া আরো সহজ করার তাগিদ দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 02:59 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তা ভালোভাবে অনুধাবন করতে ‘অন্তর্দৃষ্টি’ লাগবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, তারা নাকি কিছুই দেখে না। আমি তাদের সবাইকে চিনি। ’৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। 

“যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, দেখতে পারবে না।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। চলতি অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব বিধানে পরিবর্তন আনা হয়েছে, সেগুলো তুলে ধরতে এবং চলতি করবছরের ই-রিটার্ন উদ্বোধন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে—আপনারা বলতে পারেন।”

সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্য ও প্রচার করতে বলেন তিনি।

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “আমার বয়স ৬৫ বছরের বেশি; হয়তো একটু কর ছাড় পাব। তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব ট্যাক্স সেভি না। 

“এই খালি টেলিফোনটা মেসেজ নিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে আটকে গেলে আমি পারি না। এটা কিন্তু সবার জন্য; আমি মনে করি যে- এটা ইউনিভার্সাল একটা সিস্টেম। সবাই বুঝতে পারবে। 

“কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবে, অ্যাকসেস করতে পারবে। অতি শিগগিরই কিন্তু একটা লোকজন ব্যবহার করবে।”

এদিন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে ৬৫ বছর বা তার বেশি হলে, শারীরিক অসমর্থ হলে, বাংলাদেশি করদাতা বিদেশে থাকলে এ বিধান প্রযোজ্য হবে না।

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, “বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না কী ধরনের পরিবর্তন হয়েছে।

“কোনটা ভাল, কোনটা খারাপ- সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়।”

যারা এনবিআর নিয়ে প্রতিবেদন করেন, তাদেরকে নিয়ে বাজেটোত্তর সেমিনার করারও তাগিদ দেন তিনি।

মালা বলেন, “বাজেটে যে পরিবর্তন করা হয়েছে, সেগুলো আসলে কী ও কেন করা হয়েছে; কতটা রাজস্ব বান্ধব এই জিনিসগুলা যদি আমাদের গণমাধ্যম কর্মীদের বোঝান, তাহলে তারা জাতিকে বোঝাতে পারবে। ভুল বোঝাবুঝি কমে যাবে।”

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সেমিনারে সভাপতিত্ব করেন।