Published : 06 Apr 2026, 09:22 PM
অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকে এসেই ধাক্কা খেয়েছে; অক্টোবর-ডিসেম্বর সময়ে তা নেমে এসেছে তিন শতাংশের ঘরে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০৩ শতাংশ, যা জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৪ দশমিক ৯৬ শতাংশ ছিল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সংকট ঘিরে উৎপাদন ও সরবরবাহ ব্যাহত হওয়ার শঙ্কার মধ্যেই প্রবৃদ্ধির গতি কমে আসার এ তথ্য এল।
এ সময় শিল্প খাতে সবচেয়ে কম ১ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কৃষি খাতে উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। আর সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ।
গত অর্থবছর থেকেই প্রবৃদ্ধির দিশা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। বিনিয়োগের মন্দায় শিল্প, কৃষি ও সেবাসহ সব খাতেই ধাক্কা লাগে।
তাতে চূড়ান্ত হিসাবে গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পাঁচ অর্থবছরের মধ্যে সবচেয়ে কম, ৩ দশমিক ৪৯ শতাংশে দাঁড়ায়।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ, যা ছিল চার বছরের মধ্যে সবচেয়ে কম।
কোভিড পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধারের মধ্যে চব্বিশের আন্দোলনের প্রভাবেই জিডিপি প্রবৃদ্ধি বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।
এর আগে কোভিডের আগে ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। সেই ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হয় ৩ দশমিক ৪৫ শতাংশে।
একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়।
পুরনো খবর