Published : 05 Jan 2026, 09:06 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট অনুবিভাগে ৩৩ বছর পর নন-ক্যাডার থেকে উপ কমিশনার পদে একজনের পদোন্নতি মিলেছে।
সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ—আইআরডি যে দুজনকে এ পদ দিয়েছে, তার মধ্যে নন-ক্যাডারের মো. মনিরুজ্জামান চৌধুরীও রয়েছেন।
গত ৩৩ বছর এ পদে শুল্ক ও ভ্যাট ক্যাডারের বাইরে কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। তার আগে নন-ক্যাডার থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত পদোন্নতির তথ্য রয়েছে।
এর আগে নন-ক্যাডার থেকে যাদের পদোন্নতি মিলেছিল, তাতে একজন অতিরিক্ত কমিশনার এবং একাধিক যুগ্ম কমিশনার ও উপ কমিশনার ছিলেন।
সরকারের এ সিদ্ধান্তকে '৩৩ বছরের বৈষম্যের অবসান' হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)।
শুল্ক ও ভ্যাট অনুবিভাগের ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের সংগঠনটি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
বাকাএভ সভাপতি কেএম মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকের এ সিদ্ধান্তের মাধ্যমে ৩৩ বছরের বৈষম্যের অবসান হলো। তবে এ সিদ্ধান্ত ২০ দিন আগে হলে আমাদের আরো দুজন কর্মকর্তা উপ কমিশনার হতেন।
"উপ কমিশনার হওয়ার সকল যোগ্যতা অর্জন করলেও তাদের পদোন্নতি এতদিন হয়নি। একজন ২০ দিন আগে অবসরে গেছেন; আরেকজন ৩ দিন আগে।"
এদিন রাতে বাকাএবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এনবিআরের আদায় করা রাজস্বের দুই-তৃতীয়াংশ কাস্টমস অ্যান্ড ভ্যাটের মাঠপর্যায়ের ৫ হাজারের অধিক সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) ও রাজস্ব কর্মকর্তাদের (সুপারিনটেনডেন্ট) মাধ্যমেই আহরিত হয়।"
সংঠনটির ভাষ্য, "আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ নিশ্চিতকল্পে আইন-বিধির প্রয়োগে বিভিন্ন ধরনের বাধাবিপত্তি পেরিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা ভাতা, রেশন, ঝুঁকিভাতা, ইউনিফর্ম, আবাসন, যানবাহন, বদলি নীতিমালা, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা, ক্যারিয়ার প্ল্যানিংসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কোনো লজিস্টিক সাপোর্ট ছাড়াই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।
"বৈষম্যের বিরুদ্ধে সৃষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। কিন্তু নন-ক্যাডার কর্মকর্তারা যথাসময়ে বুনিয়াদি প্রশিক্ষণ, চাকরি স্থায়ীকরণ, গ্রেডেশন, উচ্চতর গ্রেড, চলতি দায়িত্ব থেকে নিয়মিতকরণ, পদোন্নতিসহ সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার। যার প্রকৃষ্ট উদাহরণ ৩৩ বছর পর নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে উপ-কমিশনার পদে আজকের পদোন্নতি।"