Published : 30 Apr 2026, 01:45 PM
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে বয়সসীমা তুলে দিয়ে যে দুটি বিল পাস হয়েছে, তার আগে জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদে প্রথমে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬ এবং পরে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুই বিলের ক্ষেত্রেই জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। পরে কণ্ঠভোটে দুটি প্রস্তাবই নাকচ হয়। এরপর বিশেষ কমিটির সুপারিশ অনুসারে বিল দুটি অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হয় এবং দফাওয়ারি অনুমোদনের পর পাস হয়।
বিএসইসি বিলের ওপর আলোচনায় রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ পুঁজিবাজার ১৯৯৬ ও ২০১০ সালে ভয়াবহ ধসের মুখে পড়ে, যাতে ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা।
তিনি বলেন, “যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে, সেটি বলছে—গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে লুট হয়েছে ১ লাখ কোটি টাকার উপরে।”
রুমিন ফারহানার ভাষায়, এই অর্থ সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা, যা ‘একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে’ এবং ‘বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে’ লুটপাট করা হয়েছে। কিন্তু তাদের বিচার হয়নি।
বিএনপির এক সময়ের এ নেত্রী বলেন, দেশের অর্থনীতি যখন নানা চাপে আছে এবং পুঁজিবাজারের ওপর মানুষের আস্থা কমে গেছে, তখন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে দক্ষ ও যোগ্য মানুষের সমাবেশ ঘটিয়ে বাজারে আস্থা ফেরানো দরকার।
বিএসইসি বিল নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও আপত্তি তোলেন।
তিনি বলেন, শেয়ারবাজারে লুটপাটের জন্য সাজা পাঁচ বছর এবং জরিমানা পাঁচ লাখ টাকা থাকলেও বয়সসীমা ৬৫ বছর বহাল রাখলেই পারত সরকার।
শাহজাহান চৌধুরী বলেন, ৬৫ বছরের বয়সসীমা তুলে দিয়ে নতুন করে কোনো সীমা না রাখায় সন্দেহ তৈরি হচ্ছে।
সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সামনে রেখে এ পরিবর্তন আনা হলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।
তিনি বিলটি পাস না করে জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর প্রস্তাব দেন।
তখন সংসদ সভাপতি বলেন, “জনমত যাচাইয়ের জন্য আগে লিখিত প্রস্তাব দিতে হয়।”
রুমিন ফারহারার বক্তব্যকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বর্ণনা করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে এসব ঘটনা ঘটেছে বলেই সরকার এখন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।
“সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে, এখানে পরিবর্তন আনতে হবে, এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ারহোল্ডারদের সুরক্ষা দিতে হবে।”
অর্থমন্ত্রী বলেন, বয়সসীমা তোলার পেছনে একটি বাস্তব কারণও আছে।
“সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ১৯৯৩-তে যে আইনটা হয়েছিল, তখন গড় আয়ু ছিল ৫৭ বছর। এখন আমাদের গড় আয়ু হচ্ছে ৭২ বছর।”
তিনি বলেন, “আজকের দিনে ওই ৫৭ বছরের গড় আয়ু যদি আমি অ্যাপ্লাই করি, যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন না। অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না।”
নিজের পুঁজিবাজার-সংশ্লিষ্ট অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তিনি বহু বছর এই খাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে লুটপাটের সুযোগ ছিল না।
“বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, ইনশাল্লাহ এবারও থাকবে না নিশ্চিতভাবে বলতে পারি।”
এ সময় অধিবেশনে কিছুটা হট্টগোল হলে ডেপুটি স্পিকার সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, “আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য... বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাবদিহিতার জবাব দেবে।”
পরে তিনি বলেন, বিশেষ কমিটি বিলটি ‘পরীক্ষা-নিরীক্ষা’ করেছে, তাই আবার যাচাই-বাছাইয়ের জন্য পাঠানোর প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
এরপর জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবও নাকচ হওয়ার পর বিলটি বিশেষ কমিটির সুপারিশ অনুসারে বিবেচনার জন্য গৃহীত হয় এবং শেষে পাস হয়।
একই ধারায় পরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করা হয়।
এই বিলের ওপর আলোচনায় রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতির চারটি প্রধান স্তম্ভের একটি হচ্ছে বীমা খাত। কিন্তু বাংলাদেশে জিডিপিতে এ খাতের অবদান মাত্র ০ দশমিক ৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সর্বনিম্ন।
তিনি বলেন, এত ছোট দেশে ৮২টি বীমা কোম্পানি কাজ করলেও সাধারণ মানুষকে বীমার আওতায় আনা যায়নি। এর পেছনে দক্ষতা ও সুশাসনের ঘাটতি আছে।
তবে নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে যাওয়ায় তার বক্তব্য শেষ হওয়ার আগেই সংসদ সভাপতি তাকে থামিয়ে দেন।
এরপর অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বীমা শিল্প ‘খুবই কঠিন একটি অবস্থা পার করছে’ এবং এর পেছনে রয়েছে অব্যবস্থাপনা, দুর্নীতি, খারাপ সুশাসন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অনেক বীমা কোম্পানি।
তিনি বলেন, “ইনস্যুরেন্স পুরো সেক্টরটাকে, ইন্ডাস্ট্রিকে নতুন করে... গ্লোবালি যেখানে ইনস্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, করপোরেট গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে... আমরা সেই স্ট্যান্ডার্ডটা, বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি।”
আমির খসরু বলেন, বীমা নিয়ন্ত্রণ সংস্থায় পরিবর্তন আনতে হবে এবং সেখানে যোগ্য ব্যক্তিদের আনতে হবে। কারণ বীমা খাতে জমা হওয়া অর্থ দেশে-বিদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা তৈরি করতে পারে।
তার ভাষায়, “বীমা নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমরা পরিবর্তনটা আনছি এবং এখানে বয়সেরও কোনো ব্যাপার নাই, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার।”
এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান কথা বলার সুযোগ পেয়ে আপত্তি তোলেন।
তিনি বলেন, অধিকাংশ সদস্য নতুন হওয়ায় বিধি ধীরে ধীরে রপ্ত করছেন, কিন্তু এই বিল দুটির ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা না থাকার পরও যথাযথ নোটিস দেওয়া হয়নি।
তার ভাষায়, “আমরা তো তিনদিন আগে, একদিন আগেও তো পেলাম না ম্যাটেরিয়ালস। জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি।”
বিরোধীদলীয় নেতা শফিকুর বলেন, যেহেতু বিল দুটির ক্ষেত্রে সময়সীমার চাপ নেই, সেহেতু এগুলো পরবর্তী অধিবেশনে আনা যেত।
অনুরোধ করে তিনি বলেন, “এই বিল দুটোই স্থগিত করেন, যে দুইটার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।”
জবাবে ডেপুটি স্পিকার বলেন, তারা বিধি ৮০ অনুযায়ী এগোচ্ছেন।
সংসদ সভাপতির ভাষায়, “বিলটা আমাদের গত পরশুদিন দেওয়া হয়েছে, রিপোর্ট গতকালকে দেওয়া হয়েছে।
“আর এটা মাননীয় স্পিকারের এখতিয়ার থাকে খণ্ডন করার জন্য। আমরা এটা খণ্ডন করলাম।”
এরপর বীমা বিলের ওপরও জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। পরে বিশেষ কমিটির সুপারিশ অনুসারে বিলটি বিবেচনার জন্য গৃহীত হয় এবং দফাওয়ারি অনুমোদনের পর পাস হয়।
বিল দুটি পাসের মধ্য দিয়ে বিএসইসি ও আইডিআরএর চেয়ারম্যান ও সদস্য পদে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়ার পথ খুলল। সরকার দল বলছে, এতে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের সুযোগ বাড়বে। তবে এতে নির্দিষ্ট ব্যক্তিকে বসানোর সুযোগ তৈরি হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিরোধীরা।