১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ দিনে রেমিটেন্স এল ৩ বিলিয়ন ডলার

ঈদের আগ পর্যন্ত রেমিটেন্সের এই উল্লম্ফন অব্যাহত থাকবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কোরবানি ঈদ সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উল্লম্ফন অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, অর্থবছরের একাদশ মাস মের প্রথম তেইশ দিনে ২.৯৮ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। 

এই অঙ্ক গত বছরের মে মাসের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি; আর পুরো মাসের চেয়ে দশমিক ২২ শতাংশ বেশি।

২০২৫ সালের মে মাসের প্রথম তেইশ দিনে ২.১০ বিলিয়ন ডলার ডলার রেমিটেন্স এসেছিলে দেশে। পুরো মাসে এসেছিল ২.৯৭ বিলিয়ন ডলার।

২৮ মে দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে। তার আগ পর্যন্ত রেমিটেন্সের এই উল্লম্ফন অব্যাহত থাকবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মে মাসে রেমিটেন্সে রেকর্ড হতে পারে। ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের মাইলফলক ছাড়াতে পারে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের দশ মাস ২৩ দিনে (২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ২৩ মে) ৩২.৩১ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ২৬ শতাংশ বেশি। 

গত এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩.১২ বিলিয়ন ডলার; যা গত বছরের এপ্রিলের চেয়ে ১৩ দশমিক ৬২ শতাংশ বেশি। এ নিয়ে টানা পাঁচ মাস ৩ বিলিয়নের বেশি রেমিটেন্স এল দেশে।

রেমিটেন্সে প্রতি ডলারে ১২৩ টাকার মত দিচ্ছে ব্যাংকগুলো। সে হিসাবে মে মাসের ২৩ দিনে ৩৬ হাজার ৬০৫ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনে গড়ে এসেছে ১২ কোটি ৯৪ লাখ ডলার; টাকার অঙ্কে যা ১ হাজার ৬৯১ কোটি। 

মাসের বাকি আট দিনে (২৪ থেকে ৩১ মে) এই হারে এলে মাস শেষে রেমিটেন্সের অঙ্ক ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার ছাড়িয়ে যেতে পারে। যদি সেটা হয়, তাহলে একক মাসের হিসাবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসবে মে মাসে।

এর আগে গত মার্চ বাংলাদেশের ইতিহাসে একক মাসের হিসাবে সর্বোচ্চ ৩.৭৫ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। 

তার আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চে, ৩.২৯ বিলিয়ন ডলার। ওই মাসেও রোজা ও ঈদ সামনে রেখে রেকর্ড হয়েছিল প্রবাসী আয়ে।