২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা

জনবল নিয়োগের নির্দেশনা উপেক্ষা করায় কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নের মুখে পড়েছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

একটি পদে ২৬ বছরের বেশি কারও আবেদনের সুযোগ না রেখে বিজ্ঞপ্তি দেওয়ায় এর ব্যাখ্যা চেয়ে তাদের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠির উত্তর দিয়ে ব্র্যাক ব্যাংক বলেছে, এখন বাংলাদেশে ব্যাংক যা বলবে, তাই মেনে চলবে তারা।

২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে দেয়।

কিন্তু ব্র্যাক ব্যাংক গত ১৩ ফেব্রুয়ারি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ নিয়োগের জন্য পত্রিকায় যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে ২৬ বছরের কম বয়সীদের আবেদন করার পরামর্শ দেওয়া হয়।

বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে ব্যাখ্যা দিতে বলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ।

এর পরিপ্রেক্ষিত ব্র্যাক ব্যাংকের কোম্পানি সচিব রইচ উদ্দিন আহমেদ ব্যাখ্যা সম্বলিত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের অন্যান্য নিয়োগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদের মতো বয়সসীমা নির্ধারিত নয়। ২০১৪ সালে ব্র্যাক ব্যাংক অফিসার থেকে সিনিয়র অফিসার পদে ১ হাজার ৯১ জন কর্মী নিয়োগ করেছে। এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমা ছিল না। ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল ওই সব পদে। এই নিয়োগের ৪৫ শতাংশ ২৯ বছর থেকে ৩০ বছরের বেশি।

“কিন্তু ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদটি বেশ ব্যয়বহুল। এই পদে দীর্ঘ মেয়াদি ও ব্যাপক প্রশিক্ষণ অধ্যায় রয়েছে। এজন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে আমরা নতুন লোক চেয়েছি, যাদের কোনো অভিজ্ঞতা নেই। এ ধরনের লোক ৩০ বছর বয়স পর্যন্ত খুব বেশি পাওয়া যায় না। আর ৩০ বছর বয়সে একজন মানুষকে নতুন কিছু শেখানো কষ্টকর, তাদেরকে নতুন করে গড়ে তোলা যায় না।”

এই বিজ্ঞপ্তির মাধ্যমে ব্র্র্যাক ব্যাংক ১০ থেকে ১৫ জন কর্মী নিয়োগ দেবে। এজন্য ব্যাংকটির কাছে ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস, সিলেবাসের মেয়াদ, সেশনজট বিবেচনায় নিয়ে চাকরির বয়সসীমা ৩০ বছর ‘খুবই যৌক্তিক’।

নির্দেশনা অমান্যের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলি। এক্ষেত্রেও যে ব্যত্যয় হয়েছে তা নয়। কারণ বাংলাদেশ ব্যাংক নতুন জনবল নিয়োগে প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করেছে। আমরা তার মধ্য থেকেই নেওয়ার চেষ্টা করছি।

“আমরা শুধু ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে বয়সসীমা সর্বোচ্চ ২৬ বছর বলেছি। কারণ এই পদটি ব্যাংকিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা এমন কিছু লোক নিয়োগ করতে চাই যারা ভবিষ্যতে ব্যাংকিং খাতের লিডার হবে।”

“তবে বাংলাদেশ ব্যাংক যদি এক্ষেত্রে নিষেধ করে তাহলে আমরা সেটি করব না। নোটিসের একটা জবাব আমরা দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এখনও কিছু জানায়নি। কেন্দ্রীয় ব্যাংক যা বলবে, আমরা সেটা মেনে চলব,” বলেন ব্র্যাক ব্যাংকের এমডি।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা তারা পেয়েছেন। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।