১৯ বিলিয়ন ডলারের সাহায্য পাইপলাইনে
বিদেশিদের সাহায্যের প্রতিশ্রুতি থেকে ছাড় হওয়া অর্থের পরিমাণ বাদ দিলে এখন পর্যন্ত ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার দেশে আসার প্রক্রিয়ায় রয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘পাইপলাইনে বৈদেশিক সাহায্যের সঞ্চিতি ও এর ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন’ বৈঠকে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, “বর্তমানে পাইপলাইনে বৈদেশিক সাহয্যের সঞ্চিতি ১৯ দশমিক তিন বিলিয়ন ডলার। আস্তে আস্তে এটি বাড়ছে, কারণ কমিটমেন্ট বাড়ছে।”
পাইপলাইনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “কমিটমেন্ট ও ডিসবার্সমেন্টের (ছাড়) যে বিয়োগফল তা হলো পাইপলাইন, কমিটমেন্ট হলো অর্থায়ন চুক্তিতে যে পরিমাণ অর্থের উল্লেখ থাকে।
“চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই টাকা ডিসবার্সমেন্ট করা হয় না, ডিসবার্সমেন্ট হয় বাস্তবায়নের ওপর।”
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “স্বাধীনতার পর উন্নয়ন সহযোগিতা পেয়েছি ৮৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার এবং ব্যবহার হয়েছে ৬৮ বিলিয়ন ডলার।
তিনি জানান, চুক্তি স্বাক্ষরের পর পাইপলাইনে গড়ে প্রতি বছর ১৮ শতাংশ ছাড় হয়ে থাকে এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো বাস্তবায়িত হতে গড়ে ছয় বছর সময় লাগে।
“২০১৫-১৬ অর্থ বছরের মধ্যে ২২ শতাংশ ছাড় (ডিসবার্সমেন্ট) করার উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এটাকে ক্রমান্বয়ে ২৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গড়ে চার বছর করা যায়।”
বিদেশি সাহায্য নেওয়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রতিশ্রুতি ও ছাড়ের অবস্থা ভাল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
“সরকার চায় প্রকল্প যেন দ্রুত বাস্তবায়ন হয় তাহলে বেশি ছাড় হবে। প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।”
প্রকল্প দ্রুত বাস্তবায়িত না হওয়ার পেছনে ৫টি কারণ চিহ্নিত করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদি সচিব বলেন, “জনবল নিয়োগে বিড়ম্বনা, ভূমি অধিগ্রহণে বিড়ম্বনা, ডিপিপি এবং পিপিপি প্রণয়নের পর অনুমোদনে বিলম্ব, পণ্য ও সেবা সংগ্রহে বিলম্ব হয়। আবার অনেক সময় রি-টেন্ডারিংও করতে হয়।
“অনেক সময় উন্নয়ন সহযোগীদের জন্য দেরি হয়ে থাকে। কারণ তাদের কাছ থেকে অনাপত্তি নিতে হয়, পরামর্শক নিয়োগেও দেরি হয় এবং ছাড়পত্র পেতে বিলম্ব হয়।”
প্রকল্প দ্রুত বাস্তবায়নে পর্যবেক্ষণ, ত্রিপক্ষীয় সভা এবং ক্রয়সংক্রান্ত কাজ আগে থেকেই তৈরি রাখতে সুপারিশ করা হয় মন্ত্রিসভায়।
