পুঁজিবাজার: ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাবসিডিয়ারি কোম্পানিসহ পুঁজিবাজারে ব্যাংকের মোট বিনিয়োগ সীমা নির্ধারণ করে মঙ্গলবার এই সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সমন্বিত পদ্ধতিতে ব্যাংক ও তার সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি মিলে মোট বিনিয়োগ তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ৫০ শতাংশের বেশি হবে না।
আর ব্যাংকের নিজস্ব বিনিয়োগ আগের মতোই মূলধনের ওই উপাদানগুলোর ২৫ শতাংশের মধ্যেই থাকবে।
আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণীয় ঝুঁকি ব্যবস্থাপনার আলোকে সাবসিডিয়ারিসহ ব্যাংকের গ্রুপভিত্তিক বিনিয়োগ ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রায় রাখার উদ্দেশ্যে ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগসীমা নির্ধারণে অতিরিক্ত এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সর্বশেষ সংশোধনী (২০১৩ এর সংশোধনী) অনুযায়ী ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণ করে দেয়।
ওই সার্কুলারটিও এখনো কার্যকর। কোনো ব্যাংক কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি না থাকলে সেই ব্যাংক কোম্পানি এই চারটি উপাদানের ২৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে না।
এ জন্য তিনবছর সময় দিয়ে কারো অতিরিক্ত বিনিয়োগ ২০১৬ সালের ২১ জুলাইর মধ্যে নামিয়ে আনতে বলা হয়।
মঙ্গলবারের নির্দেশনায় ব্যাংক ও তার সাবসিডিয়ারি কোম্পানি মিলে মোট বিনিয়োগ সীমা নির্ধারণ করে দেয়া হল। সমন্বিত পদ্ধতি অনুসারেও মোট বিনিয়োগের পরিমাণ একই সময়ের মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইনের সর্বশেষ সংশোধনের আগে একটি ব্যাংক তার মোট দায়ের ১০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারত।
তবে গত বছর আইন সংশোধন করে বিনিয়োগের হার মূলধনের অংশ হিসেবে বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়। এতে করে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ ক্ষমতা আগের তুলনায় কমে যায়।
এই বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান এবং এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বাংলাদেশ ব্যাংকের এ সার্কুলারটি দিয়েছে যাতে ব্যাংকগুলো নতুন করে পুঁজিবাজারে তাদের এক্সপোজার না বাড়ায়, ৩ বছর সময় থাকলেও ব্যাংকগুলোকে বিনিয়োগে ডিসকারেজ করা হয়েছে ।”
এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়বে না কমবে- জানতে চাইলে তিনি বলেন,“ব্যাংক ভেদে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। যাদের সাবসিডিয়ারি কোম্পানি আছে মার্জিন ঋণ আছে তাদের বিপক্ষে যাবে, যাদের নেই তাদের পক্ষে যাবে। তাদের বিনিয়োগ বাড়বে।”
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সমন্বিত পদ্ধতি অনুসারে পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবায়ন করলে কোনো কোনো ব্যাংকের ওই ক্ষমতা আরো কমতে পারে। তবে এখনি এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।
