২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর আপত্তি যৌক্তিক: বিবিএস প্রধান

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিবিএসের পূর্বাভাসের প্রেক্ষিতে অর্থমন্ত্রীর উত্থাপিত প্রশ্নকে ‘যৌক্তিক’ মনে করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বৃহস্পতিবার সকালে বিবিএস মহাপরিচালককে অর্থমন্ত্রীর আপত্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন। আমরা জিডিপি’র যে পূর্বাভাস দিয়েছি তা নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিবেচনায় রেখে দিয়েছি। এ হিসাবে বোরোর উৎপাদন ধরা হয়নি।”

“এটা আমাদের প্রাথমিক হিসাব। মার্চ পর্যন্ত হিসাবে যা পেয়েছি সেটাই প্রকাশ করা হয়েছে। এটা ফাইনাল ফিগার নয়। অর্থবছর শেষে যে তথ্য প্রকাশ করা হবে সেটাই প্রকৃত তথ্য।অর্থমন্ত্রী যথার্থই বলেছেন।”

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিবিএস জানিয়েছিল, চলতি ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। মার্চ মাস পর্যন্ত পাওয়া তথ্য হিসাব করে এ তথ্য প্রকাশ করেছিল বিবিএস।

চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।

বিবিএস প্রতিবারই নয় মাসের তথ্য বিবেচনায় নিয়ে জিডিপি’র পূর্বাভাস দিয়ে থাকে।বিবিএসের তথ্য প্রকাশের পর অর্থমন্ত্রী তা নিয়ে আপত্তি জানান।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিবিএস রক্ষণশীল হিসাব করেছে। তারা তাদের হিসাবে ভূট্টা, বোরোসহ অনেক কিছুই ধরেনি। সেগুলো ধরলে এবার জিডিপি প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না।”

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, “বিবিএস নয় মাসের (মার্চ পর্যন্ত) হিসাব ধরে ২০১২-১৩ অর্থবছরের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আমার বিশ্বাস, চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে।”

গত ২০১১-১২ অর্থবছরে দেশে ৬ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।