২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধি কমার আভাস বিশ্ব ব্যাংকেরও

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশ থাকবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক, যা এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসের চেয়ে দশমিক ১ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 02:55 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

এই সময়ে অর্থনীতির প্রবৃদ্ধিতে ‘শ্লথ’ গতি দেখলেও মাত্র দুই শতাংশ কর্মসংস্থান বাড়লে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে মনে করছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক।

অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই পূর্বাভাস প্রত্যাখ্যান করে বলেছেন, প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরেই থাকবে।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা ও উন্নয়ন অগ্রগতি নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, কৃষি খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ঘাটতি, রপ্তানি, দেশজ ভোগ ও বিনিয়োগ চাহিদা কমে যাওয়ায় শিল্পখাতের প্রবৃদ্ধির ধীরগতি এবং রাজনৈতিক অস্থিরতায় সেবা খাত মারাত্মক বাধাগ্রস্ত হওয়ায় এ বছর মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮ শতাংশ থাকবে, যা সরকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশের চেয়ে কম।

তবে পাকিস্তান ও নেপালের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ‘এখনো স্বাস্থ্যবান’ বলে মন্তব্য করেন তিনি।

জাহিদ বলেন, গত দুই দশকে দারিদ্র্য দূরীকরণে ও এমডিজি অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তাছাড়া বর্তমান সরকার প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করতে চায় বলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ‘ঐতিহাসিক সুযোগ’ সামনে এসেছে।

“এই (আট শতাংশ) প্রবৃদ্ধি মাত্র দুই শতাংশ কর্মসংস্থান বাড়ালেই সম্ভব।”

‘গোল্ডম্যান-স্যাস পরবর্তী-১১’ এর মধ্যে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণের দেশের যথেষ্ট সম্ভাবনা আছে।

গত পাঁচ বছরে দেশের গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ১ শতাংশ, যা শ্রমশক্তির অংশগ্রহণ, শ্রমশক্তির উৎপাদনশীলতা ও জনসংখ্যার প্রবৃদ্ধির কারণে অর্জিত হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।  

তিনি বলেন, আন্তর্জাতিক ও জাতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে সুযোগ খুঁজছে।

জাহিদ হোসেন বলেন, “পূর্ব এশিয়া ব্যয়বহুল, পাকিস্তান অতি ঝুঁকিপূর্ণ আর ভারত অতিনিয়ন্ত্রিত, যা সুবিধাজনক নয়। নেপালের অবস্থান সুবিধাজনক নয়, এটা স্থলাবদ্ধ দেশ। আর আফ্রিকার উৎপাদন ক্ষমতা অপর্যাপ্ত।

“তাই বিনিয়োগকারীরা যাবে কোথায়? এখানে বাংলাদেশে চীনের শ্রমিকদের মতো উৎপাদনশীলতা আছে। কিন্তু এখানকার খরচ চীনের চেয়ে পাঁচগুণ কম।”

তিনি বলেন, চীন শ্রমঘন খাতে ৮ কোটি শ্রমিক বাইরে থেকে নিচ্ছে। ১৪ দশমিক ২ শতাংশ কর্মসংস্থান নিয়ে বাংলাদেশ সহজেই এর এক পঞ্চমাংশ সুযোগ গ্রহণ করতে পারে।

জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ভাল অবস্থানে আছে; এখানে আছে ব্যবসায়ীদের জন্য নীতি সহায়তা, শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানি সুবিধা, বন্ডেড অয়্যারহাউজ এবং কার্যক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রাতিষ্ঠানিক রূপরেখা।”

এখন প্রয়োজন, দশকের পুরনো সমস্যাগুলোকে সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া- ভূমির সুবিধা, বিদ্যুৎ গ্যাস সংকট ও লালা ফিতার দৌরাত্ম।

তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ ২৫ দশমিক ২ শতাংশে স্থির হয়ে আছে, যা এশিয়ার মান থেকে ৬ শতাংশ কম।

“বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে অর্থনৈতিক অঞ্চলের জন্য ৪০ হাজার একর জমি দিতে হবে। সরকার বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, চা বাগান ও উপকূলীয় এলাকা থেকে ওই জমি দিতে পারে।

“(১ কোটি ৫০ লাখ কর্মসংস্থানের জন্য) পর্যাপ্ত পরিবহন অবকাঠামোসহ অতিরিক্ত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রয়োজন এবং এর জন্য পিপিপি অফিসকে অবকাঠামোর জন্য দরপত্র ব্যববস্থাপনার দায়িত্ব দিতে হবে।”

এই অর্থনীতিবিদ বলেন, শ্লথ প্রবৃদ্ধির পরেও বিশ্ব পণ্যমূল্যে স্থিতিশীলতা, দেশীয় সরবরাহ চেইন কার্যকর করা ও অপরিবর্তিত মুদ্রানীতির উপর ভর করে এই অর্থবছরেই ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা এখনো সম্ভব।

চলমান রাজনৈতিক সহিংসতা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর তাৎক্ষণিক কোনো প্রভাব না ফেললেও নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংষ্কারসহ সামনে এগোতে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার প্রয়োজন বলে মনে করেন জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ-নেপালের কান্ট্রি সেক্টর কো-অর্ডিনেটর সালমান জায়েদী ও যোগাযোগ বিভাগের প্রধান মেহরিন এ মাহবুবও বক্তব্য দেন।

পুরনো খবর:

জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস এডিবির, ভিন্নমত অর্থমন্ত্রীর