সপ্তাহের শুরুতে সূচক কমলো
সপ্তাহের প্রথম দিন লেনদেনের লেনদেন শেষে সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২৫ মিনিট সূচক উপরের দিক উঠে। এরপর থেকে সূচক ওঠানামার মধ্য দিয়ে নিচের দিকে নামে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১২৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮০টির, কমে ১৪২টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।
গত সপ্তাহ পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৮৬ টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম কমেছে ২০৬ টির।
এ বিষয়ে শার্প সিকিউরিটিজের পরিচালক ও প্রধান নির্বাহী সইয়দ গোলাম ওয়াদুদ বলেন, "পুঁজিবাজারে শেয়ারের যোগান বেড়েছে, প্রচুর আইপিও আসছে, বিনিয়োগকারীরা আইপিওতে বেশি আগ্রহী তাই সেকেন্ডারি বাজারে শেয়ারের দাম কমছে।"
