রপ্তানি বাড়লেও লক্ষ্যমাত্রা ছোঁয়নি
সদ্য সমাপ্ত অর্থবছরের বাংলাদেশের রপ্তানি আয় ২৩৫ কোটি ডলার বাড়লেও তা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ কোটি ডলার কম।
রোববার ঢাকায় ওয়েস্টিন হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রপ্তানির হালনাগাদ এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১৭-১৮ অর্থবছরে ৩ হাজার ৭০০ কোটি ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে বলে জানান তিনি।
তোফায়েল বলেন, “আমি এই মাত্র ইপিবি‘র তথ্য নিয়ে হিসাব করে আসলাম। এবার আমাদের শুধু পণ্য রপ্তানি হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। সার্ভিস সেক্টর (সেবা খাত) নিয়ে আমাদের মোট রপ্তানি ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলার।”
বিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৫০ কোটি ডলার কম রপ্তানি হয়েছে।
গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ (৩৪ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার আয় করেছিল।
বিদায়ী অর্থবছরে ৭৭২ ধরনের পণ্য ১৯৯ দেশে রপ্তানির মাধ্যমে ৩ হাজার ৭০০ কোটি ডলার আয় হয়েছে।
“এর মধ্যে পোশাক খাত একাই রপ্তানি করেছে ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলার,” বলেন বাণিজ্যমন্ত্রী।
রপ্তানির তথ্য জানাতে গিয়ে মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য তোফায়েল দেশের প্রথম বাজেটের কথা স্মরণ করে বলেন, “বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৭ কোটি ডলারের।
“তখন আমাদের রপ্তানি ছিল ৩৪ কোটি ৮০ লাখ ডলার। ৬৫ দেশে ২৫টি পণ্য রপ্তানি করেই এ রপ্তানি হত। তার মধ্যে তিনটি আইটেম পাট, চা এবং চামড়া ছিল মুখ্য।”
তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, “১৯৭২-৭৩ অর্থবছরে আমাদের মোট দেশজ আয়ে (জিডিপি) কৃষির অবদান ছিল ৭৮ ভাগ। তখন ছিল মাত্র সাড়ে সাত কোটি মানুষ। তাতে খাদ্য সংকটে পড়েছিলাম।
“আর এখন ১৬ কোটি মানুষের জন ৪ কোটি টন খাদ্য উৎপাদন করে খাদ্য উদ্বৃত্তের দেশ হয়েও জিডিপিতে এবার কৃষির অবদান মাত্র ১৫ ভাগ, শিল্প ৩০ থেকে ৩২ ভাগ, সেবা খাতের অবদান এখন ৫৫ ভাগ।”
“কোথায় ছিলাম, কোথায় আসছি,” বলেন তোফায়েল।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, “এসডিজি বাস্তবায়নে অর্থায়নসহ বেসরকারি খাতকে ঠিক ৫০ শতাংশ ভূমিকা রাখতে হবে।”
আগামী ৪ থেকে ৬ জুলাই এসডিজি বিষয়ক রিভিউ সভা হবে জানিয়ে তিনি বলেন, “ওই মিটিংয়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ে কোন মন্ত্রণালয়ের কী দায়িত্ব, তা উল্লেখ করা হবে এবং স্বয়ংক্রিয় ট্র্যাকার থাকবে, যা দিয়ে বাস্তবায়নের হালনাগদ তথ্য পাওয়া যাবে।”
