২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইনভেস্টমেন্ট প্রমোশন টিম’ গঠনের প্রস্তাব

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যকে প্রধান করে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন টিম’ গঠনের প্রস্তাব দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 12:21 AM

Updated : 19 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাক বাজেট আলোচনার এ প্রস্তাব দেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রতিবেশী ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, চীনসহ অনেক দেশ বিদেশি বিনিয়োগ আর্কষণে সফলতার পরিচয় দিচ্ছে।

“বিদেশি বিনিয়োগ টানতে হলে এসব দেশের সঙ্গে প্রতিযোগিতা করে অবশ্যই আমাদেরও সুযোগ-সুবিধা দিতে হবে। বিনিয়োগকে প্রমোট করতে না পারলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না।”

“বাজেটের আগে যে সময় রয়েছে এরমধ্যেই আমরা এ বিষয়ে পলিসি নির্ধারণ করার চেষ্টা করবো। এনবিআরের একজন সদস্যকে প্রধান করে বেজা, বেপজা, বিডা, বিল্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন টিম’ গঠন করা যেতে পারে,” বলেন তিনি।

আলোচনায় বক্তারা বলেন, সরকার নানাভাবে উৎসাহ দিলেও বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। এ জন্য অনেক ক্ষেত্রেই ট্যাক্স, ভ্যাট ও শুল্ক সমস্যা দায়ী।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, “এসডিজির লক্ষ্য অর্জন করতে হলে বর্তমান যে বিনিয়োগ হচ্ছে যথেষ্ট নয়। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে নিয়ে যেতে হলে বর্তমানের ১৬১০ ডলারের মাথাপিছু আয়কে ২৪ বছরে ১৫ হাজার ডলার মাথাপিছু আয় ছাড়িয়ে যেতে হবে।”

তিনি বলেন, স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগকারীদের মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বৈষম্য দূর করতে হবে।

“এনবিআর অটোমেশনের আওতায় এসেছে। অটোমেশনের সাথে এনবিআরের বাইরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। দেশকে প্রোডাক্টশন ওরিয়েন্টেড দেশ হিসেবে দেখতে হলে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিতে হবে।”

অগ্রিম কর পদ্ধতি সহজীকরণ, টার্নওভার কর কমানো, সমতার ভিত্তিতে সিগারেটের শুল্ক বৃদ্ধি, রপ্তানিতে উৎসে কর অপরিবর্তিত রাখাসহ বেশ কিছু প্রস্তাব করেন তিনি।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “মিয়ানমারের মতো দেশেও ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। আর আমাদের এত উদ্যোগের পরও বিনিয়োগ মাত্র আড়াই বিলিয়ন ডলার।”

এজন্য এনবিআরের নানা রকম কর জটিলতাকে সমস্যা হিসেবে দেখান তিনি।

হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, “হাইটেক পার্কে বিনিয়োগে অনেক বিদেশি কোম্পানি আসছে। ভিয়েতনাম, চায়না জায়গা নিতে আগ্রহ দেখাচ্ছে।

“কিন্তু কর সংক্রান্ত কিছু সুবিধা না পাওয়ারন সংশয় থাকায় তারা শেষ মূহুর্তে ফিরে যাচ্ছে। তারা বলছে, কর সংক্রান্ত এসব সুযোগ পাব কি না, আমাদের নিশ্চয়তা দিলে কনট্রাক্ট সই করব।”

হাইটেক অথরিটির পক্ষ থেকে এনবিআরের দেওয়া বেশ কয়েকটি এসআরও সংশোধনের প্রস্তাব করা হয়।

বিল্ড এর চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ১০টি স্তরে কর্পোরেট কর নির্ধারণ করা হয়। কিন্তু ভারত ৯টি, থাইল্যান্ডে ৬ এবং ইন্দোনেশিয়ায় ৫ ধরনের হার নির্ধারিত।

“বাংলাদেশ শুধু গার্মেন্টস পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। অন্য পণ্য রপ্তানি বাড়াতে হলে কর্পোরেট কর হার প্রতিযোগিতামূলক করতে হবে।”