গাভী কেনায় কৃষককে ঋণ দিতে ব্যাংকগুলোকে তাগাদা
দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ৫ শতাংশ রেয়াতি সুদে ঋণ প্রদান কার্যক্রম জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই নির্দেশনায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সব অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার কৃষি ঋণ বিভাগের এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয়।
বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণসহ গুঁড়ো দুধ ও দুগ্ধজাত সামগ্রীর আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ২০১৫ সালের ২ জুন ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।
এই তহবিল থেকে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ পান কৃষকরা। একজন কৃষককে চারটি বকনা বাছুর কেনার জন্য ২ লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। আর তহবিল পরিচালনার জন্য ব্যাংকগুলোকে ৫ শতাংশ ভর্তুকি দেয় সরকার।
সার্কুলারে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবিতরণকৃত সব অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে। এছাড়া ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহক পর্যায়ে ৩০ মাস মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও ৩০ মাস মেয়াদে প্রযোজ্য হবে।
ওই সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর প্রতিটি শাখাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ ঋণের আওতায় অংশগ্রহণকারী সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় প্রকৃত খামারিদের কাছে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে। ঋণ বিতরণের পর প্রাণিসম্পদ কার্যালয়ে মাসিক বিবরণী পাঠানোর নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, বেসরকারি আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হচ্ছে।
এ সব ব্যাংকের প্রধান নির্বাহীদেরই সার্কুলারের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
