মুদ্রাপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য লেনদেনে নজরদারি বাড়াতে ফিনল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- আরএপির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার কাতারে এগমন্ট গ্রুপের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর সভা চলাকালে স্মারকটি স্বাক্ষরিত হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য লেনদেন আরও সহজ হবে। এর মাধ্যমে বিএফআইইউয়ের সঙ্গে অন্যান্য দেশের এফআইইউ এর ৪৮তম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।
বিএফআইইউর পক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এবং ফিনল্যান্ড এফআইইউ এর পক্ষে প্রধান কর্মকর্তা পেক্কা ভাসারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
