আয়কর মেলার তৃতীয় দিনে আদায় ২২৭ কোটি টাকা
জাতীয় আয়কর মেলার তৃতীয় দিনে আয়কর আদায় হয়েছে ২২৭ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকা।
তিন দিন মিলিয়ে মেলায় মোট ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকার আয়কর আদায়ের কথা জানিয়েছে আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার তৃতীয় দিনে রাজধানী ঢাকাসহ ৫৭টি জেলা, ১৪টি উপজেলাসহ মোট ৭১টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আয়করের রিটার্ন জমার ব্যবস্থা ছিল তিনটি।
আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী এ মেলা চলছে।
এনবিআর জানিয়েছে, তৃতীয় দিনে আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন ২৪ হাজার ৮৬৪ জন; যেটা গতবছরের তৃতীয় দিনের তুলনায় ৩৭ দশমিক ৩২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম নতুন আকর্ষণ হিসাবে রয়েছে। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মাঝে ব্যাপক সাড়াও রয়েছে।
মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই- ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আলাদা বুথ। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম দেওয়া হচ্ছে বিনামূল্যে।
এদিকে, শুক্রবার চতুর্থ দিনে সকাল ১০টা থেকে ৫ পর্যন্ত মেলার চলার মধ্যে দুপুর ১টার পর জুমার নামাযের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে বলে জানিয়েছে এনবিআর।
