দারিদ্র্য বিমোচনে কার্যক্রম নিতে ব্যাংকগুলোকে গভর্নরের আহ্বান
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) মাধ্যমে সাময়িক সহায়তা দেওয়ার বাইরে গিয়ে দারিদ্র্য বিমোচন হয় এমন কার্যক্রম নেওয়ার জন্য ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বুধবার ঢাকায় সিএসআর কার্যক্রমের ওপর এক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করে এ আহ্বান জানান তিনি।
ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে আতিউর রহমান বলেন, “আপনারা অনেক কাজ করছেন, কিন্তু তার ডকুমেন্টেশন হচ্ছে না।
"একইসাথে আপনারা এখন থেকে দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে পারেন। কারণ সিএসআর দিয়ে শুধু সাময়িক সহায়তা করলে হবে না, দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নিতে হবে।”
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাংকের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ব্যাংক ঋণ অনুমোদনের সময় ঋণ গ্রহীতাকে সিএসআর করার বিষয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন গভর্নর।
“জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ব্যাপকভাবে প্রভাবিত হবে। এজন্য বিশ্ব কী করবে তা আমাদের দেখার অপেক্ষা করা ঠিক হবে না, নিজেদের সমস্যার সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে। আশা করি ব্যাংকগুলো এ বিষয়ে উদ্যোগী হবে।
"আপনারা (ব্যাংকাররা) যেটা করতে পারেন আপনাদের গ্রাহকদের ঋণ অনুমোদনের সময় বলবেন যে সিএসআর করতে হবে। বাধ্যতামূলক না করে সেটা অনুশাসনের মত করা যেতে পারে।”
সিএসআর কার্যক্রমের ওপর ‘পরিবর্তনের অপেক্ষা (ওয়েটিং ফর চেঞ্জ)’ শীর্ষক এই গবেষণা কর্ম করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই)।
এই গবেষণায় সিডর ও আইলার প্রভাবে সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায় লবণাক্ততা বেড়ে ওইসব অঞ্চলে বসবাসরত মানুষ জীবনে কী পরিবর্তন এনেছে তা তুলে ধরা হয়।
এতে দেখা যায়, বঙ্গোপসাগরের কোল ঘেষা এই অঞ্চলে লবণাক্ততা ব্যাপকভাবে বেড়েছে। এতে খাওয়ার পানির অভাব দেখা দিয়েছে। নলকূপগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। পুকুরে যে পানি আছে তা খাওয়ার অযোগ্য।
সরকারের পক্ষ থেকে পানি শোধনেরও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। দেশি-বিদেশি কিছু বেসরকারি সংস্থা পানি শোধনের ব্যবস্থা করলেও এলাকার আয়তন ও জনসংখ্যার হিসেবে তা অপ্রতুল। এই পানি সংগ্রহের কাজে পরিবারের কোনো না কোনো সদস্যকে কাজ ফেলে সময় দিতে হয়। এতে কারও আর্থিক কর্মকাণ্ড বন্ধ থাকে বা কারও স্কুলে যাওয়া বন্ধ থাকে।
লবণাক্ততার প্রভাবে ওই এলাকায় ফসল উৎপাদনও কমেছে বলে উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে।
এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর বলেন, “এইসব এলাকায় ব্যাংকগুলোর এগিয়ে আসা দরকার। বাংলাদেশের ব্যাংকগুলো ব্যাপকভাবে সিএসআর করছে। বছরে এর পরিমাণ ৪৫০ কোটি টাকা।"
তবে এই ব্যাপক অর্থের ব্যব্স্থাপনা একটি 'কমন প্ল্যাটফরম' থেকে করা গেলে সামাজিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করেন হাসিবুর।
তিনি বলেন, “দেশের ব্যাংকগুলো যে পরিমাণ সিএসআর করে তা যদি ব্যাংকের পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে করা যায় তাহলে বাংলাদেশকে বিদেশ থেকে সহায়তা নিয়ে সামাজিক উন্নয়নে ব্যয় করতে হবে না।”
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সুন্দরবন এলাকার সামাজিক ও প্রাকৃতিক সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে যৌথভাবে একটি উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন।
ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন এবিবি চেয়ারম্যান আনিস এ খান বলেন, “ব্যাংকগুলো সিএসআর করছে। প্রতিবছরই এখাতে ব্যাংকের ব্যয় বাড়ছে। এখন অনেক ব্যাংকের সিএসআরের জন্য আলাদা টিম কাজ করে। এমনকি বাজেটের চেয়েও বেশি ব্যয় করছে অনেক সময়।”
“তবে সিএসআর এখন রেগুলেটরি অবলিগেশন হয়ে গেছে। এটা না হয়ে সত্যিকারের দায়বদ্ধতা হলে আরও ভালো কাজ হতো,” বলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই এমডি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।
