জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ১২%
উচ্চ আয়ের দেশে বাংলাদেশকে নিতে রপ্তানি আয় বাড়াতে সরকার জোর দিলেও অর্থবছরের প্রথম মাসে কমেছে এখাতে আয়।
গত জুলাইয়ে গত বছরের জুলাইয়ের চেয়ে রপ্তানি আয় কমেছে প্রায় ১২ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ১৬ শতাংশের মতো।
চলতি বছরের শুরুতে সহিংস রাজনীতির প্রভাব জুলাই মাসের রপ্তানি আয়ে পড়েছে বলে দাবি করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই মাসে যে রপ্তানি আয় দেশে এসেছে তার অর্ডার জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দিয়েছিলেন বায়াররা। ওই সময় টানা হরতাল-অবরোধের কারণে আমাদের রপ্তানিকারকরা সময়মতো পণ্য পৌঁছাতে পারবে না- সে আশংকায় বাংলাদেশে অর্ডার কমিয়ে দিয়েছিলেন।”
ইপিবির তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ২৬২ কোটি ৬০ লাখ (২ দশমিক ৬২ বিলিয়ন) ডলার আয় করেছে।
গত বছরের জুলাই মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৯৮ কোটি ২৭ লাখ (২ দশমিক ৯৮ বিলিয়ন) ডলার।
এই মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩০১ কোটি ৩০ লাখ ডলার।
জুলাই মাসে নিট পোশাক রপ্তানি কমেছে ১৩ দশমিক ০৮ শতাংশ। উভেন পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ১১ শতাংশ।
এ মাসে নিট পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১১২ কোটি ৭৩ লাখ লাখ ডলার। উভেন থেকে এসেছে ১০৯ কোটি ডলার।
শুভাশীষ বসু বলেন, “আমাদের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশের মতো আসে উভেন এবং পোশাক রপ্তানি থেকে। এ দুই খাতে রপ্তানি কমায় সার্বিক রপ্তানিও কমেছে।”
এছাড়া ঈদের ছুটি এবং ঘূর্ণিঝড় ‘কোমেন’- এর কারণে জাহাজীকরণ ব্যাহত হওয়ার কারণেও জুলাই মাসে রপ্তানি আয় কম এসেছে, বলেন তিনি।
গত ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন পন্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ১২০ কোটি ৯০ লাখ (৩১ দশমিক ২০ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ। যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বেশি।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার।
