নৌপথ উন্নয়নে বড় প্রকল্প, আসছে আরও ২০ ড্রেজার
দেশের নৌ-পরিবহনের উন্নয়নে দুই হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার।
সম্পূর্ণ সরকারি ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায়, সারা দেশের নৌপথের উন্নয়নে ২৩টি নদী খনন কার্যক্রমকে জোরদার করা হবে।
মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনকে) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
‘২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের অধীনে নতুন সংগৃহিত ২০টি ড্রেজার দিয়ে প্রতি বছর ২৩২ লাখ ৫০ হাজার ঘন মিটার খনন সক্ষমতা অর্জিত হবে।
২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে আগামী ডিসেম্বর থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) দেখা যায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড দেশি ও বিদেশি পরামর্শকদের যৌথ উদ্যোগে একটি পরামর্শক প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশে ক্যাপিটাল ড্রেজিং ও টেকসই নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করা হয়।
ওই সমীক্ষার সুপারিশ অনুযায়ী নৌ-পরিবহন ব্যবস্থা চালু রাখতে হলে, দেশের ছোট বড় ২৩টি নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য ২১৬টি কাটার সাকশন ড্রেজার প্রয়োজন হবে।
২০১৪ সালে বিআইডাব্লিউটিএর অপর সমীক্ষার প্রক্ষেপণে বলা হয়, বর্তমানে প্রতিবছর ৮৮২ লাখ ৫৩ হাজার ঘন মিটার ড্রেজিং করতে হবে।
বর্তমানে বিআইডাব্লিউটিএর মোট ১৮টি ড্রেজার রয়েছে। এ বছরের মধ্যে আরও তিনটি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। সব মিলে বর্তমানে মাত্র ১১০ লাখ ঘন মিটার খনন সক্ষমতা রয়েছে বিআইডাব্লিউটিএর। আর সরকারি বেসরকারি সম্মিলিত খনন সক্ষমতা রয়েছে ২ লাখ ৫০ হাজার ঘন মিটার। সে হিসাবে বর্তমানে ৬৩২ লাখ ঘন মিটার খনন সক্ষমতা ঘাটতিতে রয়েছে বাংলাদেশ।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পটির মাধ্যমে ২৬ ইঞ্চির কাটার সাকশন ড্রেজার ৬টি, ২০ ইঞ্চির কাটার সাকশন ড্রেজার ৯টি, বাকী ৫টি ১৮ ইঞ্চির কাটার সাকশন ড্রেজার সংগ্রহ করা হবে।
এছাড়াও ক্রেন বোট ২০টি, ৮টি টাগ বোট, ক্রো হাউজ বোট ২০টি, অফিসার্স বোট ৮টি, সার্ভে ওয়ার্ক বোট ১০টি এবং ১২টি পাইপ ক্যারিং বার্জসহ আরো অনেক যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করা হবে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার একনেক সভায় আলোচ্য প্রকল্পটিসহ মোট ২ হাজার ৩৮৪ কোটি টাকা ব্যয় সম্বলিত সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বাকি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৬২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ‘গোদাগাড়ী-আমনুরা- নাচোল-পার্বতীপুর সড়ক উন্নয়নপ্রকল্প, ৬০ কোটি টাকার ‘রংপুর সিটি করপোরেশনের রাস্তা উন্নয়ন এবং ড্রেন কাম ফুটপাত নির্মাণ’ প্রকল্প, ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘সোনাহাট স্থল বন্দর উন্নয়ন প্রকল্প’, ৫৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ‘বিজিবি সদর দপ্তরে জেসিও ও অন্যান্য পদ ধারীদের জন্য ২টি ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ প্রকল্প, ৪০ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল এভিয়ারি ও ইকোপার্ক স্থাপন রাঙ্গুনিয়া চট্টগ্রাম’ প্রকল্প এবং ৭৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘নওগাঁ জেলায় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ’ প্রকল্প।
