২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ প্রকল্প বাতিল

একনেক সভায় ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে।

মৌলভীবাজারের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ প্রকল্প বাতিল
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 06:05 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক প্রকল্পের যে অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার, ‘জীববৈচিত্র্যের ক্ষতি’ বিবেচনায় সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  

পরিকল্পনা কমিশনে সভা শেষে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

“জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে প্রকল্পটি বাতিল করা হয়েছে।”

একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনূস।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ২০২৩ সালের ৯ নভেম্বর শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। 

সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদনের পর থেকে পরিবেশ ও অধিকারকর্মীরা প্রতিবাদ জানাচ্ছিলেন।

‘সাফারি পার্ক হলে বনাঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে’ দাবি করে পরিবেশ মন্ত্রণালয় বলেছিল, তাদের গঠিত কমিটি প্রকল্পটি বাতিলের সুপারিশ করে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়েছে।

এবার আনুষ্ঠানিকভাবে এটি বাতিল হল।

মৌলভীবাজার জেলা শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে, মাধবকুণ্ড জলপ্রপাত থেকে ২০ কিলোমিটার দক্ষিণে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫০ কিলোমিটার উত্তরে এই বনাঞ্চলে ২০৯ প্রজাতির প্রাণী এবং ৬০৩ ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে।

এই প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি হাতিসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখির জন্য সংরক্ষিত বলেছেন উপদেষ্টা।

এছাড়াও বাংলাদেশের বাস্তবতায় পরিবেশের ক্ষতি ছাড়া প্রকল্প নেওয়ার তেমন সুযোগ না থাকায় যেকোনো প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেই পরিবেশ বিশেষজ্ঞদের রাখার কথা হয় একনেক সভায়।

গ্যাস অনুসন্ধানে ঝুঁকছে সরকার

গ্যাস খাতকে অনেকদিন ধরে অবহেলিত করে রাখায় দেশ আমদানিকৃত জ্বালানির দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, “এই অল্প সময়ে বেশিকিছু করা যাবে না, তবে কাজগুলো যদি শুরু করা যায়, তাহলে ভবিষ্যতে দেশের গ্যাস অনেক বেশি পাব, এটা ধারণা করা যায়।”

একনেকে এ সংক্রান্ত তিনটি প্রকল্পের অনুমোদন হয়। প্রকল্পগুলো হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন’ প্রকল্প; ‘রশিদপুর-১১ নং কুপ (অনুসন্ধান কুপ) খনন’ প্রকল্প ও ‘২ডি সিসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯’ প্রকল্প।

ভোলার নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি টাকা; মেয়াদ ঠিক করা হয়েছে জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। রশিদপুরের কূপ অনুসন্ধানে ব্যয় ধরা হয়েছে ২৭১ দশমিক ৮৭ কোটি টাকা; যার মেয়াদ হচ্ছে চলতি বছরের অক্টোবর থেকে জুন ২০২৬ পর্যন্ত।

এছাড়াও সিসমিক সার্ভের জন্য ব্যয় ধরা হয়েছে ৩০০ দশমিক ৩৯ কোটি টাকা; মেয়াদ হচ্ছে চলতি বছরের অক্টোবর থেকে জুন ২০২৭ পর্যন্ত।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এতদিন গ্যাসের রিজার্ভের দিকে না তাকিয়ে আমরা এলএনজি ইমপোর্টের দিকে এতবেশি, তারপর কয়লা আমদানিতে ঝুঁকে গেলাম। দরকারও আছে কিন্তু নিজেদের যে গ্যাস আছে তা বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিৎ ছিল।

“বাপেক্সের যদি সক্ষমতার অভাব থাকে, আছে, তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করা দরকার ছিল। বিদেশে আমাদের অনেক বিশেষজ্ঞ আছে যারা চায় স্বেচ্ছায় এসে প্রাথমিক কাজগুলো, অনুসন্ধানের কাজগুলো করে দেবে। আমরা নিয়মনীতি ভাঙতে চাই না। নিয়মে আছে যে একটা তৃতীয় পক্ষকে ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে এনে এগুলো যাচাই-বাছাই করে কূপ খননে যেতে হবে।”

সংশোধিত বাজেট জানুয়ারি বা ফেব্রুয়ারিতে

সাধারণত মার্চে সংশোধিত বাজেট বিগত সরকার দিয়ে থাকলেও যেহেতু চলতি বাজেট আগের সরকারের দেওয়া, তাই সেটি এবার আগেই ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে বলে জানান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের সামনে ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, “ইতোমধ্যে আমাদের রেমিট্যান্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য এসেছে। কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনো তেমন পরিবর্তন আসেনি।”

এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় উন্নয়ন বাজেটে কাটছাট, বাংলাদেশ ব্যাংক সংকোচন নীতির আওতায় ঋণ পলিসিতে মনোনিবেশ করেছে। অন্যদিকে সরকারি ব্যয় বৃদ্ধি, দাবিদাওয়া, মহার্ঘ ভাতার বিষয়ও ছিল।

‘এখন এসব সমন্বয় হবে’ জানিয়ে তিনি বলেন, সংশোধিত বাজেট দ্রুত দিলে বাংলাদেশ ব্যাংকের সেভাবে নীতি নেওয়া সহজ হবে।

এছাড়াও বন্যা বা বিভিন্ন কারণে সড়কের যে ক্ষতি হয়েছে তা মেরামতে জনপ্রতিনিধি না থাকায় সে ব্যাপারে জানার জন্য স্থানীয় প্রশাসনকে দুইবার চিঠি পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও যেসব প্রকল্পের অনুমোদন হল

একনেক সভায় ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।

জ্বালানির প্রকল্প ছাড়া বাকি অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের ‘আশুগঞ্জ-পলাশ সবুজ’ প্রকল্প ও ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন’ প্রকল্প।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্প এবং রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত) প্রকল্প ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্প।