‘ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম’ চালু করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
“এর মাধ্যমে একটি গেটওয়ে দিয়ে সকল প্লাটফর্মের ডিজিটাল লেনদেন সম্ভব হবে,” বলেন তিনি।
একটি সিস্টেমের মধ্য দিয়ে সব প্লাটফর্ম ও আর্থিক হিসাবের ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে ‘ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম’ চালুর কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সোমবার ঢাকার একটি হোটেলে আলোচনা সভায় তিনি বলেন, “এর আগে উদ্যোগ ব্যর্থ হলেও এবার সফলভাবে চালু হবে। এর মাধ্যমে একটি গেটওয়ে দিয়ে সকল প্লাটফর্মের ডিজিটাল লেনদেন সম্ভব হবে।”
‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় কথা বলেন গভর্নর। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও গেটস ফাউন্ডেশন এটি আয়োজন করে।
‘ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম’ এ প্রযুক্তিগত সহায়তা দেবে গেটস ফাউন্ডেশন।
গভর্নর বলেন, “দেশের জন্য একটি সমন্বিত তাৎক্ষণিক ‘পেমেন্ট সিস্টেম’ চালু করা জরুরি। পূর্বে চালু হওয়া একটি প্রকল্প ব্যবস্থাপনা ও মূলধন সমস্যার কারণে ব্যর্থ হয়েছিল। তবে গেটস ফাউন্ডেশনের সহায়তায় এবার একটি পরীক্ষিত এবং সময় পরীক্ষিত মডেল বাস্তবায়নের উদ্যোগ চলছে। এটি দ্রুত চালু করা গেলে দেশের আর্থিক খাত এক নতুন যুগে প্রবেশ করবে।”
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকেও ডিজিটাল প্রযুক্তির সঙ্গে যুক্ত করার কথা তুলে ধরে তিনি বলেন, “ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগতভাবে রূপান্তরিত না হলে উচ্চ ব্যবস্থাপনা ব্যয়ের কারণে এগুলো আর টেকসই থাকবে না। ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সেগুলোকে যুক্ত করা গেলে খরচ কমবে, ঋণ বিতরণ সহজ হবে এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে।’’
প্রযুক্তিনির্ভর ক্ষুদ্রঋণই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভবিষ্যতের আর্থিক হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের নিয়োগের কথা তুলে ধরে আহসান এইচ মনসুর বলেন, “দেশের উচ্চমাধ্যমিক স্তরে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি হওয়ায় এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কে ৫০ শতাংশ নারী নিয়োগ একটি বাস্তবসম্মত লক্ষ্য। এর ফলে গৃহিণী, শাশুড়ি বা মেয়েদের মত এতদিন ব্যাংকিং সেবার বাইরে থাকা বিপুল সংখ্যক নারীদের কাছে সহজে সেবা পৌঁছানো সম্ভব হবে।
গভর্নর বলেন, “প্রতিবছরই নগদ অর্থের ব্যবহার ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটি প্রযুক্তিগত অগ্রগতির মাঝেই বড় একটি চ্যালেঞ্জ রয়ে গেছে।”
সভার মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দেশে শিগগিরই ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’ চালু করা হবে। এটি চালু হলে মোবাইল ওয়ালেট, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা যাবে। এতে লেনদেন দ্রুত হবে।”
