১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্থবছরের শেষ বৈঠকে একনেক

এ সভায় নতুন ও সংশোধিত মিলে ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।

অর্থবছরের শেষ বৈঠকে একনেক
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার একনেক সভা বসে। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার দুই দিনের মাথায় চলতি অর্থবছরের শেষ বৈঠকে বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার শুরু হওয়া একনেক সভা চলতি অর্থবছরের দ্বাদশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের একাদশ সভা।

শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সভায় নতুন ও সংশোধিত মিলে ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।

রোববার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ না থাকায় এবার উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে।

এই ব্যয় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা) চেয়ে ৬.১৮ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১২.৬৫ শতাংশের সমান।

২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। অনুমোদিত বাজেটে উন্নয়ন ব্যয় কমানো হয়েছে ৩৫ হাজার ৮৪৪ কোটি টাকা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা।

উন্নয়ন ব্যয় কামানোর মধ্যে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতেই চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়েছে কমেছে ৩৫ হাজার কোটি টাকা। আর সংশোধিত এডিপির চেয়ে কমেছে ১৪ হাজার কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধন করে তা ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।