১৯ দিনে রেমিটেন্স এল আড়াই বিলিয়ন ডলার
চলতি মে মাসে রেমিটেন্স ৪ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াতে পারে।
কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ‘উল্লম্ফন’ অব্যাহত রয়েছে।
চলতি মে মাসের ১৯ দিনেই প্রায় আড়াই বিলিয়ন (২৫০ কোটি) বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার সন্ধ্যায় এই তথ্য দিয়েছেন।
২৮ মে দেশে কোরবানির ঈদ উদযাপিত হওয়ার আগ পর্যন্ত রেমিটেন্সের এই ‘উল্লম্ফন’ অব্যাহত থাকবে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক।
আরিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মে মাসে রেমিটেন্সে রেকর্ড হতে পারে। ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের মাইলফলক ছাড়াতে পারে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, বুধবার পর্যন্ত মে মাসের ১৯ দিনে প্রবাসীরা ২.৪৮ বিলিয়ন ডলার (২৪৮ কোটি ৩০ লাখ) দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক গত বছরের মে মাসের একই সময়ের চেয়ে ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।
২০২৫ সালের মে মাসের প্রথম ১৯ দিনে ১৭৯ কোটি ৩০ লাখ (১.৭৯ বিলিয়ন) ডলার দেশে এসেছিল। পুরো মাসে এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার।
আগামী ৩০ জুন শেষ হতে চলা ২০২৫-২৬ অর্থবছরের দশ মাস ১৯ দিনে ৩১.৮১ বিলিয়ন (৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা; যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮৩ শতাংশ বেশি।
আর গত ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে যা প্রায় ৫ শতাংশ বেশি।
এর আগে এপ্রিলে ৩.১৩ বিলিয়ন (৩১২ কোটি ৭০ লাখ) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা; যা ছিল গত বছরের এপ্রিলের চেয়ে ১৩ দশমিক ৬২ শতাংশ বেশি।
এপ্রিল পর্যন্ত টানা পাঁচ মাস ৩ বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের এপ্রিল মাসের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের দশম মাস এপ্রিলের ৩১২ কোটি ৭০ লাখ (৩.১২ বিলিয়ন) মোট রেমিটেন্স এসেছে ২৯ দশমিক ৩২ বিলিয়ন (২ হাজার ৯৩৩ কোটি) ডলার।
রেমিটেন্সে প্রতি ডলারে ১২৩ টাকার মতো দিচ্ছে ব্যাংকগুলো। সে হিসাবে মে মাসের ১৯ দিনে ৩০ হাজার ৫৪০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনে গড়ে এসেছে ১৩ কোটি ৭ লাখ ডলার, টাকার অঙ্কে যা ১ হাজার ৬০৭ কোটি।
মাসের বাকি ১২ দিনে (২০ থেকে ৩১ মে) এই হারে রেমিটেন্স এলে এই অঙ্ক ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদি সেটা হয়, তাহলে এটি হবে একক মাসের হিসাবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসার রেকর্ড।
প্রতিবারই দুই ঈদের পর রেমিটেন্স প্রবাহ বেশ কমে যায়। এবার কমেনি। রোজার ঈদের পরের মাস এপ্রিলেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে।
গেল মার্চ মাসে ৩.৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫১ লাখ) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। একক মাসের হিসাবে যা সর্বোচ্চ। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে এত রেমিটেন্স দেশে আসেনি।
আরও ৭ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
রেমিটেন্সের ‘উল্লম্ফনের’ মধ্যে ব্যাংকগুলোর কাছ থেকেও ডলার কিনেই চলেছে বাংলাদেশ ব্যাংক। বুধবারও নিলামের মাধ্যমে চার ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৭ কোটি ডলার কেনা হয়েছে।
মঙ্গলবার একই দরে ছয় ব্যাংকের কাছ থেকে ৮ কোটি ৫০ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। তার আগের দিন সোমবার একই দরে সমান সংখ্যক ব্যাংক থেকে ১০ কোটি ডলার কেনা হয়। সব মিলিয়ে চলতি মে মাসে ৪৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হল।
গত এপ্রিল মাসে কেনা হয়েছিল ১৮ কোটি ডলার। আর এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ডলার কেনার মোট অঙ্ক দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
