১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিচ্ছে এডিবি

বাজেট সহায়তা হিসেবে পাওয়া এ ঋণ রিজার্ভে ‍যুক্ত হবে বলে জানিয়েছে ইআরডি।

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিচ্ছে এডিবি

এনইসি সম্মেলন কক্ষে সোমবার সরকার ও এডিবির মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 01:45 AM

Updated : 12 Dec 2023, 01:45 AM

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের একটি প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিন্টিং সই করেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইআরডি।

ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ঋণ নেওয়া হলেও এই অর্থের পুরোটাই দেশের বৈদেশিক মুদ্রা স্থিতিশীল ও শক্তিশালী রাখতে রিজার্ভে ‍যুক্ত হবে বলে জানিয়েছে ইআরডি।

ঋণের জন্য ২ শতাংশ হারে সুদ দিয়ে ৫ বছরের রেয়াতকালসহ মোট ২৫ বছরে ঋণ পরিশোধ করতে পারবে সরকার।

ইআরডির এক কর্মকর্তা জানান, বাজেট সহায়তার আওতায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ ঋণ নেওয়া হচ্ছে। বাজেট সহায়তার অর্থ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। যে কারণে এখন তা রিজার্ভে যুক্ত করা যেতে পারে। এরপর প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের জলবায়ু তহবিল থেকে অর্থের যোগান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এ ঋণ ছাড় হলে তা দেশের রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।