২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো সংস্কারে আরও অর্থ সহায়তা দিতে ‘আগ্রহী’ এডিবি

“বাংলাদেশের জন্য নীতিভিত্তিক ঋণের সুযোগ রয়েছে; কারণ অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছে।”

অবকাঠামো সংস্কারে আরও অর্থ সহায়তা দিতে ‘আগ্রহী’ এডিবি
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 11:15 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতে অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে আরও বেশি অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। 

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য তুলে ধরা হয়েছে। 

বৈঠকে কোশিনি বলেন, এডিবির বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কারের কাজ শুরু করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। 

“বাংলাদেশের জন্য নীতিভিত্তিক ঋণের সুযোগ রয়েছে; কারণ অন্তর্বর্তী সরকার অর্থনীতির স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছে।”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের জন্য নতুন একটি সুযোগ এনে দিয়েছে, যা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে।”

প্রধান উপদেষ্টা এডিবির প্রতিনিধি দলকে বলেন, “আমরা এখন প্রারম্ভিক পর্যায়ে আছি। সব কিছু যত দ্রুত সম্ভব করা প্রয়োজন। 

বৈঠকে আর্থিক খাত সংস্কারে সরকারের নতুন উদ্যেগের পাশাপাশি কর তথ্যর ডিজিটালাইজেশন, তথ্যর স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগসম্পর্কিত প্রধান প্রধান অর্থনৈতিক খাত নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলেন, “ইতোমধ্যে বৈদেশিক মুদ্রাবাজার এবং রিজার্ভ ও রেমিট্যান্সে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।” 

এই পরিস্থিতিকে আস্থা ও বিশ্বাসযোগ্যতার উল্লেখযোগ্য উন্নতি হিসেবে বর্ণনা করেন সিদ্দিকি।

বৈঠকে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব ও এসডিজি-বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবির জ্যেষ্ঠ  উপদেষ্টা এডিমন গিন্টিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।