১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদেশি ঋণ: প্রথম প্রান্তিকে অর্থছাড় বাড়ল ৩৫%

গত বছর এই সময়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের অর্থছাড় পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বাড়ার তথ্য দিয়েছে সরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ— ইআরডি তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিদেশি ঋণ ছাড় হয়েছে ১১৪ কোটি ৮৫ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ৮৪ কোটি ৬১ লাখ ডলার। কোটা সংস্কার আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের অর্থনীতিতে স্থবিরতা চলছিল।

ইআরডির তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে ঋণ পরিশোধে গেছে ১২৭ কোটি ৯৯ লাখ ডলার। এর মধ্যে ঋণের আসল ৮১ কোটি ৬৮ লাখ ডলার এবং সুদ ছিল ৪৬ কোটি ২৯ লাখ ডলার।

গত অর্থবছর একই সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ সরকারকে ১১২ কোটি ৬৫ লাখ ডলার পরিশোধ করতে হয়েছিল। সে হিসাবে ব্যয় বেড়েছে সাড়ে ১৩ শতাংশের মতো।

জুলাই-সেম্টেম্বর সময়ে বিদেশি ঋণ ও অনুদান মিলে প্রতিশ্রুতি ছিল ৯১ কোটি ৬ লাখ ডলারের; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ কোটি ৭৪ লাখ ডলার।

গত অর্থবছর বিদেশি ঋণের অর্থছাড় হয় ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলার, এর আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ১ হাজার ২৮ কোটি ৩৪ লাখ ডলার।

অর্থছাড় কমলেও ২০২৪-২৫ অর্থবছরে ঋণ পরিশোধ বেড়ে দাঁড়ায় ৪০৮ কোটি ৬৯ লাখ ডলারে। পরিশোধিত অর্থের মধ্যে আসলের পরিমাণ ছিল ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং সুদ ছিল ১৪৯ কোটি ১৮ লাখ ডলার।

আরও পড়ুন

বিদেশি ঋণঅর্থছাড় ১৬কমেছেপরিশোধ বেড়েছে ২১%

বিদেশি ঋণজুলাই-অগাস্টে অর্থছাড় বাড়ল ৬৩ শতাংশ