Published : 01 Jul 2025, 08:15 PM
বাংলা নববর্ষের সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে যে ড্রোন শো হয়েছিল, সেটি থেকে ভ্যাট না নেওয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কর আদায়কারী সংস্থাটি মঙ্গলবার এক আদেশে এ তথ্য জানিয়েছে।
ড্রোন শো এর জন্য চীনা প্রতিষ্ঠান ‘সিপিএএ থিয়েটার্স ডেভলপমেন্ট কোম্পানিকে’ চীন সরকার ৫ লাখ ডলার অনুদান হিসেবে দিয়েছিল; বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।
ভ্যাট না নেওয়ার ব্যাখ্যায় এনবিআর বলছে, ওই অর্থের পুরোটা ড্রোন ভাড়া, ড্রোন আনা-নেওয়া ও শো এর জন্য খরচ হয়েছে। অনুদানের অর্থ আয়োজক কোম্পানি ‘বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেনি’। ফলে এ থেকে কোনো ‘মুনাফাও অর্জিত হয়নি’। এ কারণে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সন্ধ্যায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো হয়। চব্বিশের জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রদর্শনীতে। ১৪ মিনিটের সেই প্রদর্শনীতে শহীদ আবু সাঈদের আত্মাহুতি, নারী জাগরণ, দেশীয় সংস্কৃতি ও বিপর্যস্ত ফিলিস্তিনের প্রতি সংহতি তুলে ধরা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনে কারিগরি সহায়তা করে ঢাকায় চীনা দূতাবাস। ২ হাজার ৬০০ ড্রোন ব্যবহার করে মোট ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয় প্রদর্শনীতে।
কনসার্ট ও ড্রোন শো ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তখন উপচে পড়া ভিড় হয় মানুষের।