২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউ ল্যাব কেন্দ্রে ভোটারদের উচ্ছ্বাস

“এত সুষ্ঠুভাবে ভোট হবে- ভাবতে পারিনি। আশা করি, প্রতিবছর এভাবে ভোট দিতে পারব,” বলেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 01:15 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ডাকসু নির্বাচনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। প্রথমবারের মতো ছাত্র সংসদের ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

শামসুন নাহার হলের আবাসিক-অনাবাসিক ছাত্রীদের জন্য নির্ধারিত কেন্দ্রটিতে সকাল থেকেই রয়েছে ভিড়। প্রায় ৪০ হাজার ভোটারের ছাত্র সংসদ  নির্বাচনে ইউ ল্যাব কেন্দ্রে মোট ৪০৯৬ জন ভোটার রয়েছে। 

মিরপুর থেকে ভোট দিতে এসেছেন ২০২০-২১ সেশনের অনাবাসিক শিক্ষার্থী শেখ অহোনা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রথম কোনো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। অনেক ভালো লাগা কাজ করছে। 

“নিজের পছন্দের প্রার্থীদের কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরেছি। সকাল সকালই চলে এসেছি, আশা করি সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ হবে।”

একই সেশনের ফারহানা তাসনিম বলেন, “আমাদের প্রথম ডাকসু নির্বাচন, আশা করি সামনের বছরও দিতে পারব। 

“তবে আসার পথে বাস দেরি করায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবুও ভোট দিতে পেরে আনন্দ লাগছে।”

আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে ডাকসু নির্বাচনকে ‘অনুশীলন’ হিসেবে দেখছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে ফারিয়া । 

তার ভাষায়, “জাতীয় নির্বাচনের আগে এটা ভালো প্র্যাক্টিস ছিল এবং অনেক ভালো অভিজ্ঞতা।”

২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তাসনিম সিলভিয়া টুশি বললেন, “এত সুষ্ঠুভাবে ভোট হবে- ভাবতে পারিনি। আশা করি, প্রতিবছর এভাবে ভোট দিতে পারব।”

ছয় বছর বাদে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ নেতা পাচ্ছে পাচ্ছে ১৮টি হল। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন।