১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকসুর সংরক্ষিত দুই পদে লড়তে চান ২৩ ছাত্রী

ছাত্রীদের কেউ ভিপি পদে মনোনয়ন ফরম জমা দেননি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ২৬ পদের বিপরীতে ২০টিতে লড়তে চান ৪৮ ছাত্রী। এর মধ্যে ছাত্রীদের জন্য সংরক্ষিত দুটি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২৩ জন।

এ নির্বাচনে ছাত্র-ছাত্রী মিলিয়ে ৪২৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে শনিবার রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তালিকায় দেখা যায়, ৪২৯ জনের মধ্যে ছাত্রী মাত্র ৪৮ জন। ছাত্রীদের কেউ ভিপি পদে মনোনয়ন ফরম জমা দেননি, তবে জিএস পদে একজন এবং এজিএস পদে দুইজন ফরম জমা দিয়েছেন। 

ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ মনোনয়ন জমা দিয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক , যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে দুইজন করে এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে তিনজন করে ছাত্রী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ ছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন।

আর পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে ছাত্রীদের ফরম জমা পড়েছে ছয়টি।

রোববার প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই শেষে সোমবার প্রাথমিক প্রার্থী তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

সরকার দলীয় ছাত্র সংগঠন বিহীন এ নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে।

‘দ্রোহ পর্ষদ’ নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলনসহ নয়টি প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

আরও পড়ুন-

চাকসু নির্বাচনভিপি পদে ২৫জিএস পদে লড়তে চান ২২ জন