বাঁশখালীতে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
অভিযোগ গঠনের দুই যুগ পর এ মামলার রায় এল।
চায়ের দোকান নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের বাঁশখালীতে ২৯ বছর আগে হাসান আহাম্মদ নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রহমান মজুমদার রোববার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নজরুল ইসলাম, মো. আলী ওরফে লাল মোহাম্মদ, কবির আহম্মদ, দিন মোহাম্মদ, হারুনুর রশিদ ও দুলা মিয়া। আসামিরা সবাই কারাগারে আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি দেলোয়ার হোসেন জানান, বিচারক ছয়জনকে যাবজ্জীবন দণ্ডাদেশের সাথে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় চায়ের দোকান করা নিয়ে বিতর্কের জেরে দোকান মালিক জানে আলমের ছেলে হাসান আহাম্মদকে বেধড়ক মারধরকে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় বাঁশখালী থানায় ১২ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন জানে আলম। তদন্ত শেষে ১৯৯৪ সালের ৩০ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠন হয় ১৯৯৮ সালের ১১ জুন।
আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, “মামলার বিচারকার্য চলাকালে ছয় আসামি মারা যাওয়ায়, তাদের বাদ দেওয়া হয়। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বিচারক রায় ঘোষণা করলেন।”
