২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্রান্ত মতবাদ ও ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ হবেই’

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী বোমা হামলার কলঙ্কজনক ১৭ বছরপূর্তির প্রাক্কালে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 10:04 PM

Updated : 16 Aug 2023, 10:04 PM

মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।

বুধবার চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে থেকে এ দাবি জানানো হয়।

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী বোমা হামলা ঘটনার বছরপূর্তির প্রাক্কালে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রতা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জন্য নয়। এসব ভ্রান্ত মতবাদ ও ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ হবেই। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এই অপশক্তি রুখবেই।

“সরকারের প্রতি আহ্বান মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে।”

সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, “সিরিজ বোমা ও জঙ্গি হামলার সে ভয়াল দিনগুলো আর কোনোদিন ফিরে আসুক, তা দেশপ্রেমিক জনগণ চায় না। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় প্রগতির পথে ধাবিত হোক বাংলাদেশ-সে প্রত্যাশা দেশবাসীর।”

সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী, সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, মাহি আল জিসা, ইলিয়াছ হায়দার, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য জবরুত উল্লাহ, কোহিনুর আকতার, খোরশেদ আলম, ইশতিহাদ শিপন, আবদুর রহিম, এস এম রাফি, কোহিনুর আখতার মুন্নি, পারভীন আকতার, সুমন দাশ প্রমুখ।